নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ২০২১ এবং ২০২৪ সালে দু’টি পৃথক ঘটনায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে পাঁচজন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল রাজারহাট থানার পুলিশ। জানা গিয়েছে, ২০২১ সালের ২০ মে রাজারহাটের এক বিজেপি কর্মীকে মারধর ও তাঁর বাড়ি ভাঙচুর করা হয়েছিল। দু’মাস তাঁরা ঘরছাড়া ছিলেন সপরিবারে। পরে দেড় লক্ষ টাকা দেওয়ার পর ঘরে ফিরতে পারেন তাঁরা। গত ২৩ মে রাজারহাট থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে মঙ্গলবার পুলিশ জয়দীপ দাস, অনিরুদ্ধ দাস এবং সৌমিত্র দে নামে তিনজনকে গ্রেপ্তার করে।
অন্যদিকে, ২০২৪ সালের জুলাই মাসে রাজারহাটে বিজেপির আরেক কর্মীকে বাড়ি থেকে তুলে তৃণমূল অফিসে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়েছিল। পাঁচ লক্ষ লক্ষ টাকা জরিমানাও চাওয়া হয়। পরে আড়াই লক্ষ টাকা দিয়ে মুক্তি পান তিনি। গত ২৫ মে তিনি রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে মঙ্গলবার পুলিশ রণবীর রায় এবং প্রসেনজিৎ কর্মকার নামে দু’জনকে গ্রেপ্তার করেছে।