এই সময়: ভারত থেকে শ্রীলঙ্কায় পর্যটক টানতে চেন্নাই, আমেদাবাদের মতো শহরের পাশাপাশি কলকাতার উপরেও বিশেষ নজর দিচ্ছে শ্রীলঙ্কা কনভেনশন ব্যুরো। সে দেশের বিদেশ, বিদেশি কর্মসংস্থান এবং পর্যটন মন্ত্রকের অধীনস্থ এই ব্যুরো-র মূল কাজ হলো শ্রীলঙ্কায় বিশ্বের প্রতিটি দেশের কর্পোরেট সংস্থাগুলির মিটিং, ইনসেনটিভ, কনফারেন্স এবং এগজ়িবিশন (মাইস)-এর আয়োজনে সহায়তা করা। পর্যটনের প্রসারে ভারতের মাইস অপারেটরদের সঙ্গে শ্রীলঙ্কার মাইস অপারেটরদের যোগাযোগ করিয়ে দেওয়া তার মধ্যে অন্যতম।
বুধবার শহরে এক অলোচনাসভায় শ্রীলঙ্কা কনভেনশন ব্যুরো-র চেয়ারম্যান ধীরা হেট্টিয়ারাচ্চি বলেন, ‘পর্যটন, বিশেষ করে মাইস পর্যটনের ক্ষেত্রে কলকাতা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। এটাই এই শহরে আমাদের প্রথম অনুষ্ঠান। এই ক্ষেত্রে ব্যাঙ্কিং, টেলিকম, আইসিটি, চর্ম এবং চর্মজাত পণ্য উৎপাদনকারী সংস্থাগুলির দিকে আমরা তাকিয়ে রয়েছি। শ্রীলঙ্কায় এই শিল্পক্ষেত্রগুলির সঙ্গে যুক্ত সংস্থাগুলির বৈঠক, সম্মেলন এবং প্রদর্শনী আমাদের পর্যটন ব্যবসার বিস্তারে সাহায্য করবে বলেই আমার বিশ্বাস।’
ইরান যুদ্ধের কারণে তৈরি হওয়া ভূ-রাজনৈতিক সঙ্কট এবং তার প্রভাবে জ্বালানির দাম, বিমান ভাড়া বৃদ্ধি পাওয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত ভারত থেকে শ্রীলঙ্কায় গত বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ কম পর্যটক গিয়েছেন বলে তিনি জানান। চলতি বছরে এই সময়কালে মোট ২,৩৬,৯১৬ ভারতীয় পর্যটক শ্রীলঙ্কায় গিয়েছেন। এর মধ্যে ৯ শতাংশ মাইস ট্যুরিজ়মের সঙ্গে যুক্ত। সারা বিশ্বের পর্যটকের সংখ্যা ধরলে তা ১০ লক্ষের কাছাকাছি বলে হেট্টিয়ারাচ্চি জানান। গত বছরে ২৬ লক্ষের বেশি বিদেশি পর্যটক পেয়েছিল শ্রীলঙ্কা।
মাইস পর্যটনে জোর দিতে আর্থিক এবং অন্যান্য সহায়তার উদ্যোগও নিয়েছে শ্রীলঙ্কা সরকার। সম্মেলনে যোগ দেওয়া ব্যক্তির সংখ্যার নিরিখে সর্বোচ্চ ১৫০ কোটি শ্রীলঙ্কান রুপি পর্যন্ত আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে। তবে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাকে স্থানীয় ইভেন্ট অর্গানাইজ়ার, কনফারেন্স অর্গানাইজ়ার নিয়োগ করার মতো শর্ত রয়েছে বলে জানিয়েছেন ব্যুরো-র মার্কেটিং ম্যানেজার মালকান্থি ওয়েলিকালা।
কোভিডের আগে ভারতের ১১টি শহর থেকে শ্রীলঙ্কায় উড়ান চালু থাকলেও বর্তমানে ৯টি শহর থেকে তা চালু রয়েছে। এই শহরগুলি থেকে সপ্তাহে ৯০টি ফ্লাইট শ্রীলঙ্কায় যায়। কলকাতা এবং বৌদ্ধ গয়া থেকে উড়ান বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি জানান। অদূর ভবিষ্যতে কলকাতা থেকে শ্রীলঙ্কায় কোনও উড়ান চালুর পরিকল্পনা তাদের নেই বলে জানিয়েছেন মালকান্থি।