• দুর্ঘটনা না আত্মহত্যা? কীভাবে মৃত্যু হল পরিচালক অনিক দত্তের, খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা
    News18 বাংলা | ২৮ মে ২০২৬
  • কলকাতা: টলিউডের স্বনামধন্য পরিচালক অনিক দত্তের আকস্মিক মৃত্যুর খবর কোনওভাবেই যেন বিশ্বাস হচ্ছে না৷ বুধবার ২৭ মার্চ দুপুরেই ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় পরিচালকের৷ আজ বৃহস্পতিবার, ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞরা আসছেন৷ পারিপার্শিক যে তথ্য প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া গেছে তাতে আত্মহত্যা করছেন বলেই মনে করা হচ্ছে৷ তবে ফরেন্সিক বিশেষজ্ঞদের রিপোর্ট না পাওয়ার পর্যন্ত এখনও ধোঁয়াশা রয়েছে৷

    যেহেতু ছাদ থেকে পড়ে গিয়েছেন অনীক দত্ত, সেই কারণেই ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসে পরীক্ষা করবেন। পরিচালক যেখান থেকে পড়ে গেছেন অর্থাৎ যেখানে দেহ পড়ে ছিল, সেই জায়গা পরীক্ষা করে দেখা হবে যে নিজে ঝাঁপ দিয়েছেন না কি দুর্ঘটনাবশত পড়ে গিয়ে থাকতে পারেন? এক্ষেত্রে ফরেন্সিক এক্সপার্টরা সেই ঘটনার পুনর্নির্মাণ করতে পারে আজ। তারা দেখবেন ঝাঁপ দিলে কি অবস্থায় পড়েছিলেন পরিচালক। না কি পড়ার ধরন দেখে যাচাই করা হবে এটা দুর্ঘটনা।

    ইতিমধ্যে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে এসেছে, তাতে যে ধরনের জখমের কথা বলা হয়েছে সেগুলোও পড়ার ধরনের সঙ্গেও মিলিয়ে দেখা হবে৷ প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, তাঁর দেহে অতিরিক্ত রক্তক্ষরণ, অভ্যন্তরীণ প্রচুর রক্তক্ষরণ এবং মস্তিষ্কে রক্তক্ষরণের প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক পর্যবেক্ষণে বলা হয়েছে, মাথার বাঁদিকে গুরুতর আঘাত লেগেছিল এবং বাঁদিকের স্কাল বা মাথার খুলির হাড় ভেঙে যায়। বিশেষজ্ঞদের ধারণা, অনেক উপর থেকে পড়ে যাওয়ার ফলে এমন আঘাতের সৃষ্টি হয়েছে। এছাড়াও বাম দিকের পাঁজর ভাঙা, বাম পায়ে গুরুতর আঘাত এবং কোমর চূর্ণবিচূর্ণ হওয়ার মতো একাধিক গুরুতর ক্ষতি ধরা পড়েছে। বাঁদিকের মুখ, পিঠ ও কোমরে তীব্র ঘর্ষণের চিহ্নও পাওয়া গেছে। ফুসফুসে রক্ত জমাট বা হেমোথোরাক্সের উপস্থিতিও নিশ্চিত হয়েছে।

    দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছিলেন পরিচালক। কীভাবে এই ঘটনা ঘটল? সেটা এখনও স্পষ্ট নয়। বুধবার দুপুরে আচমকাই শোনা যায় গড়িয়াহাটের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন অনীক দত্ত। সঙ্কটজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই খবর আসে পরিচালকের মৃত্যু হয়েছে। পরিচালকের মরদেহ পিস ওয়ার্ল্ডে রাখা রয়েছে। পরিবার সূত্রে জানা গিয়ছে, তাঁর কন্যা ঐশী সুইডেন থেকে কলকাতায় আসার পরই শেষকৃত্য হবে। তবে অনিক দত্তের মেয়ে ঐশী দত্তের সুইডেন থেকে ফিরতে যদি দেরি হয় কিংবা সন্ধ্যা হয়ে যায় সেক্ষেত্রে আজকে শেষকৃত্য হবে না। অনীক দত্তের স্ত্রী জানিয়েছেন, সেক্ষেত্রে আগামীকাল শেষকৃত্য হবে। মেয়ে এসে কোথায় বডি নেওয়া হবে, কিভাবে কী কী হবে সমস্ত সিদ্ধান্ত নেবেন। অনীক দত্তের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, ‘এই মুহূর্তে আমি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার মতো অবস্থানে নেই। ধন্যবাদ।’ পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী নন্দন প্রাঙ্গণে শেষবারের মতো পরিচালকের দেহ রাখা হবে, তারপরে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
  • Link to this news (News18 বাংলা)