রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী রবিবার, ৩১ মে দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) (Vidyasagar Setu) আট ৮ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। এ নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। এই সেতু বন্ধ থাকার কারণে কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতকারী গাড়ি ঘুরপথে চলাচল করবে।
হুগলির রিভার ব্রিজ কমিশনার্সের অধীনে দ্বিতীয় হুগলি সেতুর Cable বদলের কাজ চলছে। সঙ্গে সেতুর বিয়ারিং ও বার প্রতিস্থাপনের কাজও চলছে। সময়সাপেক্ষ এই কাজ। অন্যদিকে দ্বিতীয় হুগলি সেতু অন্যতম ব্যস্ত সেতু হওয়ায় সপ্তাহের কর্মব্যস্ত দিনে তা বন্ধ রেখে কাজ করা সম্ভব নয়। তাই সাধারণত রবিবারই এই কাজ করা হয়। এর আগেও একাধিক রবিবার কখনও ৯ ঘণ্টা, কখনও আবার ১৭ ঘণ্টা বন্ধ রেখে কাজ হয়েছে।
যে হেতু কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী এই ব্রিজ, ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রবিবার যে ৮ ঘণ্টা ব্রিজের মেরামতির কাজ চলবে, সেই সময়ে ঘুরপথে গাড়ি চলাচল করবে। জিরাট আইল্যান্ডের দিক থেকে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সমস্ত গাড়িকে টার্ফ ভিউ থেকে ঘুরিয়ে দেওয়া হবে। টার্ফ ভিউ থেকে গাড়িগুলি হেস্টিংস ক্রসিং হয়ে হাওড়া ব্রিজের দিকে যাবে। রয়েছে, অন্য একটি পথও। হেস্টিংস ক্রসিং থেকে ডান দিকে গিয়ে খিদিরপুর রোড ধরেও গাড়ি চলাচল করবে।
খিদিরপুর রোড ধরে জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে আসা গাড়িগুলিকে বিদ্যাসাগর সেতুতে উঠতে না দিয়ে ১১ ফারলং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। হেস্টিংস থেকে গাড়িগুলি স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজের দিকে যাবে।
খিদিরপুরের দিক থেকে সার্কুলার গার্ডেনরিচ রোড ধরে যে সব গাড়ি আসবে, তাদের বিদ্যাসাগর সেতুতে উঠতে দেওয়া হবে না। হেস্টিংস ক্রসিং থেকে বাঁ দিকে সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজের দিকে পাঠিয়ে দেওয়া হবে।
খিদিরপুর রোড দিয়ে যে সমস্ত গাড়ি ঘোড়াপাসের কাছে Y পয়েন্টের র্যাম্প দিয়ে বিদ্যাসাগর সেতুর দিকে যাবে, সেই গাড়িগুলিকে ১১ ফারলং গেট থেকে রেড রোড দিয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠিয়ে দেওয়া হবে।