বাদুড়িয়ার পাটখেতে মাটির নীচে পোঁতা ছিল কত কোটি? গুনতে থানায় আনতে হল মেশিন! উদ্ধার ২,২৪,০০,০০০ টাকা
News18 বাংলা | ২৮ মে ২০২৬
মাটি খুঁড়তেই বেরিয়ে এসেছে বস্তা বস্তা টাকা। কিন্তু বস্তায় ধরে রাখা গেল না উদ্ধার হওয়া টাকা। আনতে হল ব্যাগ, ড্রাম এবং শেষে টাকা গোনার মেশিন। সারা রাত ধরে থানায় গোনা হল সেই উদ্ধার হওয়া টাকা। অবশেষে পুলিশের তরফ থেকে জানানো হয় যে উদ্ধার হওয়া টাকার পরিমাণ ২ কোটি ২৪ লক্ষ টাকা।
গতকাল বাদুড়িয়ার পুর এলাকায় গ্রেফতার হওয়া চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের পার্টি অফিসের পিছনের পাটের খেতের মধ্যে মাটির তলা থেকে ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। গতকাল পাঁচ বস্তা টাকা মাটির তলা থেকে উদ্ধার করেছিল পুলিশ। কাল সেই টাকা গণনা শুরু হয়। ব্যাঙ্কের আধিকারিকরা-সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের উপস্থিতিতে সেই বিপুল পরিমাণে টাকা গোনা হয় চারবার। তারপরেই ভোররাতে জানানো হয় যে মোট টাকার পরিমাণ ২ কোটি ২৪ লক্ষ টাকা।
সোমবার রাতে এলাকার কয়েকজন বাসিন্দা দেখতে পান, দীপঙ্করের কার্যালয় থেকে বিপুল পরিমাণ ত্রিপল অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। কার্যালয়ের সামনেই স্তূপ করে আগুন লাগিয়ে পোড়ানো হচ্ছিল সরকারি কাগজপত্র। সন্দেহ হতেই স্থানীয়রা খবর দেন বাদুড়িয়া থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই দীপঙ্কর ভট্টাচার্য ও তাঁর ঘনিষ্ঠরা এলাকা ছাড়েন।
পুলিশ সূত্রে খবর, সোমবার দীপঙ্কর ভট্টাচার্যের পার্টি অফিস ও বাগানবাড়িতে তল্লাশি চালানো হয় রাতেই। সেই তল্লাশিতেই উদ্ধার হয় প্রায় ৪ হাজার সরকারি ত্রিপল। অভিযোগ, দুর্যোগে বিপন্নদের জন্য বরাদ্দ ত্রিপল অবৈধভাবে মজুত করে রেখে ছিলেন বাড়িতে। এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় এলাকায়। এরপরই দীপঙ্করের বিরুদ্ধে বাদুড়িয়া থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের হয়। এরপরেই ঘটনা নতুন মোড় নেয়।
সোমবার বাদুড়িয়ার পুরপ্রধানকে একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছিল। তখনও তাঁর কাছ থেকে প্রায় ৮০ লক্ষ টাকা উদ্ধার করেছিল পুলিশ। মঙ্গলবার আদালত তাঁকে ছ’দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। বুধবার দীপঙ্করকে সঙ্গে নিয়েই তৃণমূল কার্যালয়ের পাশে একটি জমিতে যায় পুলিশ। খেতের একটি জায়গায় মাটি খুঁড়ে ব্যাগভর্তি টাকা উদ্ধার হয়েছে। টাকাভর্তি মোট চারটি ট্রলি এবং একটি বস্তা উদ্ধার করা হয়।