• মোবাইলে গেম খেলার নেশায় একসঙ্গে প্রাণ গেল দুই বন্ধুর, দুর্যোগে মর্মান্তিক পরিণতি
    News18 বাংলা | ২৮ মে ২০২৬
  • বাজ পড়ে মর্মান্তিক মৃত্যু দুই যুবকের। এলাকায় শোকের ছায়া। বাড়ির কাছেই একটি মন্দিরের বারান্দায় বসেছিল দুই যুবক। আর তাতেই ঝরে গেল প্রাণ। বজ্রপাতের আঘাতে মৃত্যু হয় ওই দুই যুবকের। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমায়। একইসঙ্গে বসে মোবাইল গেম খেলছিল দু’জনে, আর সেই সময় ঘটে এই ভয়ঙ্কর ঘটনা। আহত যুবকদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

    ঘটনাটি ঘটেছে কাঁথির জুনপুট কোস্টাল থানার তেখালি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুহূর্তে একটি মন্দিরের বারান্দায় বসে মোবাইলে গেম খেলছিল কাদুয়া মুকুন্দপুর গ্রামের দুই যুবক, বিশ্বজিৎ জানা ও দীপঙ্কর দাস। তাদের বয়স ১৮ বছরের আশপাশে। সেই সময় আচমকা বজ্রপাত হলে তাঁরা দুজনেই জ্ঞান হারিয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁদের দ্রুত উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

    স্থানীয় বাসিন্দা পবিত্র প্রধান জানিয়েছেন, “ওই দুই যুবক দুই বন্ধু। দু’জনে মিলে এলাকার একটি মন্দিরের চাতালে বসে মোবাইলে গেম খেলছিল। সেই সময় আচমকা বাজ পড়ে। আর সেই বাজের আঘাতে দুইজনেই সংজ্ঞা হারায়। উদ্ধার করে তাদের কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা  মৃত ঘোষণা করে। এই দুই যুবকের বজ্রপাতে আকস্মিক মৃত্যুতে  এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।”

    কাঁথি হাসপাতাল থেকে জানা যায় ময়নাতদন্তের পর দেহ দু’টি পরিবারের হাতে তুলে দেওয়া হবে। প্রসঙ্গত, বর্তমান সময়ে বিশ্ব উষ্ণায়নের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া হলেই বজ্রপাত হচ্ছে। তীব্র গরমে গরমের ফলে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে। আর তাতেই বৃষ্টির পাশাপাশি প্রচুর পরিমাণে বজ্রপাত লক্ষ্য করা যায়। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে বারবার সচেতনতামূলক প্রচার চালিয়ে যাচ্ছে প্রশাসন। তারপরেও বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় প্রাণ ঝরছে। তারই প্রমাণ কাঁথির এই দুই যুবকের বজ্রপাতে মৃত্যুর ঘটনা।
  • Link to this news (News18 বাংলা)