সামার ক্যাম্পে গিয়ে সুইমিং পুলে ডুবে মৃত্যু ষষ্ঠ শ্রেণীর ছাত্রের! কাঠগড়ায় আসানসোলের নামী স্কুল
News18 বাংলা | ২৮ মে ২০২৬
আসানসোলের সেন্ট ভিনসেন্ট স্কুলে বৃহস্পতিবার এক মর্মান্তিক ঘটনায় মৃত্যু হল ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রের। স্কুলে চলা সামার ক্যাম্পের সময় সুইমিং ট্রেনিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত ছাত্রের নাম অদ্বিক হিলারিয়ান। সে আসানসোলের লোয়ার চেলিডাঙ্গার হুচুক পাড়ার বাসিন্দা অ্যানসেল হিলারিয়ানের পুত্র।
জানা গিয়েছে, এদিন স্কুলে সামার ক্যাম্প উপলক্ষে সুইমিং প্রশিক্ষণ চলছিল। অন্যান্য ছাত্রদের সঙ্গে অদ্বিকও সুইমিং করছিল। সেই সময় আচমকাই সে জলের তলায় তলিয়ে যেতে শুরু করে। বিষয়টি নজরে পড়তেই সেখানে উপস্থিত শিক্ষক ও কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, গত মঙ্গলবার, কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে আহত হন বেশ কয়েকজন। সূত্রের খবর, ৩৪ নম্বর লিফট ছিঁড়ে পড়ে আচমকা। যারা রক্ষণাবেক্ষণের কাজ করতেন, তাঁদেরই তিনজন আহত হয়েছেন। তড়িঘড়ি তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিমানবন্দরের ভিতরে যখন লিফটে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল, তখনই আচমকা লিফট ছিড়ে পড়ে যায় বলে জানা গিয়েছে।
যাত্রীরা সেই সময় থাকলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে কী করে এই দুর্ঘটনা ঘটল। আহতরা সবাই বিমানবন্দরের কর্মী। মেরামতির সময় কর্মীরা লিফট-ডাকটে কাজ করছিলেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, দুপুর দেড়টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে এয়ারপোর্টের বাস লাউঞ্জের ৩৪ নম্বর লিফটে। এই লিফটি রক্ষণাবেক্ষণের জন্য এদিন বন্ধ করা ছিল বলেই দাবি কর্তৃপক্ষের।