: জমা জলের দুর্ভোগ দূর করতে ৪৭০০ কোটির মাস্টার প্ল্যান হাওড়ায়। বর্ষা মানেই শহরবাসীর দুর্ভোগের দিন, কোথাও ভারী বৃষ্টিতে জল জমে। কোথাও আবার অল্প বৃষ্টিতেই এলাকা জলের তলায়। এবার জলযন্ত্রণা থেকে শহরবাসীকে মুক্তি দিতে নিকাশি ব্যবস্থায় বড়সড় পরিবর্তন। গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাওড়া পুর নিগমের। এদিন শিবপুর বিধানসভা কেন্দ্র, উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্র এবং বালি বিধানসভা কেন্দ্র। তিন কেন্দ্রের বিধায়ক, পুরনিগমে পুর কমিশনার এবং পুর আধিকারিক মিলে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সরকার বদলের পর হাওড়া জেলার নিকাশি ব্যবস্থার পরিকাঠামো বদল করতে ‘মাস্টার প্ল্যান’।
পুরসভা সূত্রে জানা যায়, এই কাজে একটি বেসরকারি সংস্থা এবং কেএমডিএ যৌথভাবে কাজ করবে। এই মেগা প্রকল্পের জন্য ইতিমধ্যেই একটি বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) প্রস্তুত করা হয়েছে। আনুমানিক ৪৭০০ কোটি টাকা ব্যয় করা হবে নিকাশি প্রকল্পের জন্য এমনটাই জানা গিয়েছে। এই মেগা প্রকল্পের মোট খরচের ৭০ শতাংশ কেন্দ্রীয় সরকার প্রদান করবে এবং বাকি ৩০ শতাংশ বহন করবে রাজ্য সরকার।
হাওড়া শহরের কোথায় কোথায় মূল নিকাশি সমস্যা রয়েছে এবং কীভাবে এই মাস্টার প্ল্যানের মাধ্যমে তার স্থায়ী সমাধান করা সম্ভব, তা নিয়ে পুর আধিকারিকদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানা যায়, বিধায়কদের তরফ থেকে।
নিকাশি ব্যবস্থা উন্নতির পাশাপাশি, স্বাস্থ্য পরিকাঠামোর মানোন্নয়নেও বিশেষ উদ্যোগী ভূমিকা নিতে দেখা যায় এই তিন বিধায়ককে। পুরসভার বৈঠকের পর তাঁরা সোজা চলে যান হাওড়া জেলা হাসপাতালে। পরিষেবার উন্নয়নের দিক গুরুত্ব রেখে একটি বৈঠকে বসেন তারা।