আমের জন্য বিখ্যাত মালদহ জেলা এখন ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে রসালো ও সুস্বাদু লিচুর জন্যও। জেলার উৎপাদিত বোম্বাই ও গুটি এই দুই প্রজাতির লিচু ইতিমধ্যেই বাজারে আলাদা জায়গা করে নিয়েছে স্বাদ ও গুণমানের কারণে।
বিশেষ করে বোম্বাই লিচু তার মিষ্টি স্বাদ ও রসালো গুণের জন্য ক্রেতাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বাজারে এই লিচু সাধারণত প্রতি পিস ২ থেকে ৪ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে বাজারে বিভিন্ন ধরনের লিচুর ভিড়ে কোনটি মিষ্টি আর কোনটিতে টক ভাব রয়েছে, তা বুঝতে সমস্যায় পড়েন অনেকেই। সেই সমস্যার সমাধানেই এবার বিশেষ উপায় জানালেন মালদহের এক লিচু চাষি আব্দুল মান্নান।
তিনি জানান, সাধারণত লিচুর আকার দেখেই অনেকটাই বোঝা যায় তার স্বাদ কেমন হবে। তাঁর কথায়, “মালদহে মূলত দুই ধরনের লিচু পাওয়া যায় বোম্বাই ও গুটি। বোম্বাই লিচু খেতে অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু হয়। অনেকেই এটিকে চায়না লিচু বলেও চেনেন। এই লিচুর আকার কিছুটা ত্রিভুজের মতো হয়। অন্যদিকে গুটি লিচুর আকার গোলাকার এবং স্বাদে হালকা টক ভাব থাকে।”
জানা গিয়েছে, মালদহ জেলার কালিয়াচকের তিনটি ব্লকে ব্যাপক পরিমাণে লিচু চাষ হয়। এছাড়াও রতুয়া ও ইংরেজবাজারের কিছু অংশেও সীমিত পরিসরে লিচু উৎপাদন হয়ে থাকে। আব্দুল মান্নানের লিজ নেওয়া সাতটি লিচু গাছ রয়েছে অমৃতি এলাকায়। বোম্বাই লিচু রয়েছে। তিনি জানিয়েছেন, এবছর লিচুর ভাল ফলনের পাশাপাশি বাজারে চাহিদা ও দাম দুটিই সন্তোষজনক।