তৃণমূল কার্যালয় থেকে প্রচুর ভোটার কার্ড, আধার কার্ড উদ্ধার। ট্যাংরায় কলকাতা পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডে একটি পার্টি অফিসের আলমারির ভিতরে এগুলি রাখা ছিল বলে অভিযোগ।
স্থানীয় লোকজন জানান, পার্টি অফিসের একটি আলমারি থেকে প্রায় ৩০০ কার্ড পাওয়া গিয়েছে। তার মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সবই রয়েছে। ভোটাররা ভোট দিতে যাতে না পারেন, সেই জন্যই এগুলো নিয়ে তৃণমূল আটকে রেখেছিল বলে অভিযোগ। বিজেপির দাবি, এখন সব সামনে আসছে।
সৌমেন ভিকি দাস নামে এক যুবক সংবাদমাধ্যমে জানান, ভোটের আগে তাঁর আধার কার্ড নিয়ে নেওয়া হয়। এখানে এসে সেই কার্ড ফিরে পেয়েছেন তিনি।
এলাকার লোকজন আরও জানান, ৪ মে ভোটের ফল প্রকাশের পর থেকে এই কার্যালয়ে কোনও তৃণমূল কর্মীকে দেখা যায়নি। এর পরেই ট্যাংরার সেকেন্ড লেনের তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢোকেন স্থানীয় বাসিন্দা ও এলাকার বিজেপি কর্মীরা। ঘরের রং বদলে গেরুয়া হয়। এলাকার লোকজনের দাবি, সেই ঘরেই রাখা ছিল রাশি রাশি কার্ড।