বেসরকারি স্কুলে সুইমিং পুলে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের। বৃহস্পতিবার আসানসোল দক্ষিণ থানা এলাকায় এই ঘটনা ঘটে। সূত্রের খবর, বেসরকারি স্কুলে গরমের ছুটিতে সাঁতারের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। সেখানেই সাঁতার শিখতে গিয়ে মৃত্যু হয় অদ্রিক হিলারিয়ান নামে ওই ছাত্রের। আসানসোল দক্ষিণ থানার পুলিশ দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসানসোল দক্ষিণ থানার লোয়ার চেলিডাঙা এলাকার বাসিন্দা অদ্রিক এ দিন সকালে স্কুলের সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়েছিল। বেসরকারি ইংরেজি মাধ্যম এই স্কুল বহু পুরনো।
গত ২১ মে থেকে স্কুলে প্রশিক্ষণ শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। সকাল ৭টা সাড়ে ৭টা থেকে বেলা অবধি বিভিন্ন শিফ্টে সাঁতার শেখানো হচ্ছে। অদ্রিক এ দিন সকালে এসেছিল সাঁতার শিখতে।
বাচ্চাদের চিৎকার শুনে নাকি নিজেরাই দেখে সাঁতারের প্রশিক্ষক-সহ অন্যরা ছুটে আসেন তা এখনও স্পষ্ট নয়। জল থেকে অদ্রিককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। পুলিশ স্কুলে থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। কোন গাফিলতির কারণে এত বড় ঘটনা ঘটল, তার পূর্ণাঙ্গ তদন্ত চান অন্য অভিভাবকরা।
যদিও সংবাদমাধ্যমে এ নিয়ে বিশেষ কিছু বলতে চাননি স্কুলের প্রধান শিক্ষক রবি ভিক্টর। শুধু বলেন, ‘এটা একটা শোকের মুহূর্ত। সামার ক্যাম্প চলছিল। তার মধ্যে এই ঘটনা। আমি পরিবারের সঙ্গে আছি। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’