• কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড পূর্ব মেদিনীপুর!
    আজকাল | ২৮ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বুধবার সন্ধ্যা থেকেই ঝড় বৃষ্টির তাণ্ডবে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় বিপুল ক্ষয়ক্ষতি। পাশাপাশি পটাশপুরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

    কালো মেঘে ঢেকে যায় আকাশ। তারপরই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টি। বজ্রাঘাতে মৃত্যু হয়েছে বিশ্বনাথ জানা, বয়স ১৮। জানা গিয়েছে, কাঁথির পিরিচখাঁ বাড় এলাকায় বাড়ি তার। 

    দু্র্যোগে মৃত্যু হয়েছে পাশের গ্রামের আরও একজনের। কাদুয়া তে বাড়ি বছর ১৭ এর দীপঙ্কর দাস। তারও বজ্রাঘাতে মৃত্যু হয়েছে। খবর মিলেছে, ঝড় বৃষ্টির সময় গাছের তলায় আশ্রয় নিয়েছিল তারা। তারপর সেখানে বাজ পড়ে। 

    ঘটনায় গুরুতর আহত ২ কিশোরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কাঁথি মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

    কয়েক মিনিটের ঝড়-বৃষ্টিতে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় বিপুল ক্ষতি হয়েছে। ঘরবাড়ি থেকে শুরু করে শাক সবজির ক্ষেত। বিশেষ করে পটাশপুর এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর মিলেছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড়ের দাপটে ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে গিয়েছে৷ এমনকী বড় বড় গাছ উপড়ে পড়ে যায়।বহু জায়গায় বিদ্যুতের খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও সামনে এসেছে। ঝড়ের সঙ্গে হওয়া শিলাবৃষ্টিতে চাষের জমিরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানাচ্ছেন কৃষকরা।
  • Link to this news (আজকাল)