আজকাল ওয়েবডেস্ক: এবার তৃণমূল সাংসদ সৌগত রায়কে লক্ষ্য করেই ছোড়া হল ডিম! নিজের সংসদীয় এলাকা নিমতাতেই বিক্ষোভের মুখে পড়লেন দমদমের তৃণমূল কংগ্রেস বর্ষিয়ান সাংসদ সৌগত রায়।
বৃহস্পতিবার সকালে নিমতা থানায় ডেপুটেশন দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন সৌগত রায়। অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে ডিমও ছোড়া হয়। জানা গিয়েছে, নিমতা ও উত্তর দমদমের একাধিক এলাকায় তৃণমূল কাউন্সিলরদের উপর হামলার অভিযোগ তুলে বৃহস্পতিবার নিমতা থানায় ডেপুটেশন দিতে যান সাংসদ সৌগত রায়। থানায় ডেপুটেশন জমা দিয়ে বেরনোর সময়ই হঠাৎ বিক্ষোভ শুরু হয়।
সাংসদের অভিযোগ, বিজেপি কর্মীরাই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় সাংসদের গাড়ি ঘিরে ‘চোর চোর’ স্লোগানও ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই দ্রুত গাড়িতে উঠে পড়েন সৌগত রায়। অভিযোগ, সেই সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।
নিমতা থানার সামনেই বেশ কিছুক্ষণ ধরে এই বিক্ষোভ চলতে থাকে। ঘটনার পর সৌগত রায় বলেন, "দলীয় জনপ্রতিনিধিদের উপর হামলার অভিযোগ জানাতেই থানায় এসেছিলাম। কিন্তু থানার বাইরে বেরোতেই পরিকল্পিত ভাবে বিক্ষোভ দেখানো হয়। এই ঘটনার পিছনে বিজেপির কর্মী-সমর্থকদের হাত রয়েছে।"
এই প্রসঙ্গে বিজেপি নেতা তথা বরাহনগরের বিধায়ক সজল ঘোষ বলেন, "আমি বিষয়টা বলতে পারবো না। বিক্ষোভকারীরা বিজেপি, নাকি ৪ তারিখ দুপুর ১২টার পরে বিজেপি জানি না। এই বিষয়টি জানি না, তাই না জেনে মন্তব্য করা উচিত হবে না। সৌগত বাবু বিগত দিনে যেসব কাজ করেছেন তাতে সাধারণ মানুষের ক্ষোভ থাকতে পারে। এখন এগুলো কে করেছেন, কী কারণে তা জানি না।"
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। নিজের সংসদীয় এলাকার মধ্যেই তাঁকে ঘিরে এই বিক্ষোভে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।