গ্রেপ্তার তৃণমূলের যুব নেতা বনি, পুলিশ কী করল দেখুন
আজকাল | ২৮ মে ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: বীজপুরে তৃণমূলের যুব নেতা বনি গ্রেপ্তার হওয়ার পর এবার এলাকায় ভয়ের পরিবেশ কাটাতে কড়া পদক্ষেপ নিল পুলিশ। কোমরে দড়ি বেঁধে, গায়ে স্যান্ডো গেঞ্জি ও হাফ প্যান্ট পরিয়ে অভিযুক্ত বনিকে বীজপুর বিধানসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় ঘোরানো হয়।
অভিযুক্তকে দেখতে রাস্তায় ভিড় জমান বহু মানুষ। সেই সময় ‘চোর চোর’ স্লোগান তুলতেও শোনা যায় স্থানীয়দের একাংশকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনি বীজপুর এলাকার পরিচিত যুব নেতা এবং তৃণমূলের জেলা যুব সভাপতির পদেও ছিলেন। পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগে মন্দারমনি থেকে তাকে গ্রেপ্তার করে বীজপুর থানার পুলিশ।
তার বিরুদ্ধে অস্ত্র আইন, তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। পরে ব্যারাকপুর আদালত তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
এদিন পুলিশি হেফাজতে এলাকায় আনা হলে বনি দাবি করেন, ‘যারা চুরি করেছে তারা পালিয়ে গিয়েছে। আমি চুরি করিনি বলেই এখনও এখানে আছি।’ পাশাপাশি এই ঘটনায় তিনি কমল অধিকারীর নামও উল্লেখ করেন।
স্থানীয়দের দাবি, ২০২৩ সাল থেকেই এলাকায় বনির দাপট বাড়তে শুরু করে। অভিযোগ, রেলের একটি কোয়ার্টার দখল করে সেটিকেই নিজের আস্তানা বানিয়েছিল সে।
অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে সেখানে এসি, ফ্রিজ চালানো হত বলেও অভিযোগ। এমনকি ওই বাড়িতে দুটি বিদেশি কুকুরও রাখা ছিল বলে দাবি স্থানীয়দের।
লোকসভা নির্বাচনের সময় বিজেপি নেতা অর্জুন সিং-এর সঙ্গে বনির প্রকাশ্য বাকবিতণ্ডার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। অভিযোগ, সেই ভিডিওতে অর্জুন সিংকে হুমকি দিতেও দেখা গিয়েছিল বনিকে।
এদিন অভিযুক্তকে এলাকায় ঘোরানোর সময় বহু বাসিন্দা ক্ষোভ উগরে দেন। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে বনির দাপটে আতঙ্কে ছিলেন তাঁরা। পুলিশের এই পদক্ষেপের পর এলাকায় কিছুটা স্বস্তির পরিবেশ ফিরেছে বলেও মত বহু মানুষের।