ঈদের আবহেই বারাসতে সম্প্রীতির বার্তা হিন্দু পরিষদের!
আজকাল | ২৮ মে ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: একদিকে মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসব পালন। ভক্তি-শ্রদ্ধা নিয়ে পালিত হচ্ছে এই উৎসব। অন্যদিকে, ঠিক এই সময়েই বারাসতের ময়নায় গোমাতার পূজার্চনার মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা তুলে ধরল হিন্দু পরিষদ। বৃহস্পতিবার সকালে সংগঠনের সদস্যদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই পুজো।
উদ্যোক্তাদের দাবি, ভারত একটি সার্বভৌম দেশ। সেখানে সকল ধর্মের মানুষের সহাবস্থানই দেশের মূল শক্তি। গরুকে মাতৃরূপে আরাধনা করা হয় এবং সেই ভাবনা থেকেই এই পুজোর আয়োজন করা হয়েছে। সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থান বজায় রাখাই তাদের মূল উদ্দেশ্য বলে জানান সংগঠনের সদস্যরা।
কুরবানির ঈদকে ঘিরে গোহত্যা নিয়ে সরকারি যে নির্দেশিকা জারি হয়েছে, তা নিয়েও আশাবাদী হিন্দু পরিষদের সদস্যরা। পাশাপাশি সরকারি নির্দেশিকাকে সম্মান জানিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ যে সহযোগিতার মনোভাব দেখিয়েছেন, তার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।