রেড রোডের বদলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পালিত হল ঈদ
আজকাল | ২৮ মে ২০২৬
বিউ সরকার
রেড রোড থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। জায়গা বদল হলেও সুষ্ঠু ভাবে ঈদ পালন করা হল কলকাতায়। বৃহস্পতিবার সকাল থেকে ব্রিগেডে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।
এতদিন ধরে বছরে দু’বার রেড রোড চত্বরেই পাঠ করা হত ঈদের নমাজ। কিন্তু এবার চিত্রটা পরিবর্তন হয়েছে। ব্রিগেড সহ গোটা কলকাতা জুড়েই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে।
এদিন শান্তিপূর্ণ ভাবে ব্রিগেডে ঈদের নমাজ পড়া হল। শান্তিপূর্ণ ভাবে যাতে নামাজ পড়া যায় এবং সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় সে কারণে মাঠে বিশেষ মঞ্চ তৈরি করা হয়েছিল এদিন।
সঙ্গে অস্থায়ী শৌচাগারের ব্যবস্থাও ছিল। যাতে সকলে শুনতে পান সে কারণে লাগানো হয়েছিল স্পিকারও। মাঠের চারদিকে কড়া নিরাপত্তায় ছিল কলকাতা পুলিশ। তবে ব্রিগেডে নামাজ পাঠ এই প্রথম নয়।
বৃহস্পতিবার ঈদ উল আজহা উপলক্ষ্যে শুভেচ্ছা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে শুভেন্দু লেখেন, 'যাঁরা ঈদ পালন করছেন তাঁদের প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই।'
১৯৭৮ সালের ঈদে তৎকালীন বামফ্রন্ট সরকারের একেবারে শুরুর দিনে নামাজ পড়া হয়েছিল ব্রিগেডে। তারপর থেকে ঈদের নামাজ পড়া হত রেড রোডেই।
তারপর আবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পালাবদলের পর রাজ্য সরকারের নির্দেশে ও পুলিশ প্রশাসনের কড়া তত্ত্বাবধানে মাঠের নির্দিষ্ট অংশ গার্ড রেল দিয়ে সুরক্ষিত করে ঈদের নামাজের এই ঐতিহাসিক আয়োজন সম্পন্ন করা হয়।