সৌগত রায়কে ঘিরে ধরে 'চোর, চোর' স্লোগান, ছোড়া হল ডিম! প্রবল বিক্ষোভের মুখে এলাকা ছাড়লেন তৃণমূল সাংসদ
News18 বাংলা | ২৮ মে ২০২৬
নিজের সাংসদ এলাকাতেই ব্যাপক বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ সৌগত রায়৷ দমদমের তৃণমূল সাংসদকে ঘিরে ধরে উঠল চোর, চোর স্লোগান৷ এমন কি, প্রবীণ তৃণমূল সাংসদকে লক্ষ্য করে ছোড়া হয় ডিমও৷
স্থানীয় সূত্রে খবর, একটি ঘটনায় কয়েকজন তৃণমূল কর্মীকে আটক করেছিল নিমতা থানার পুলিশ৷ তাঁদের ছাড়াতেই বৃহস্পতিবার সকালে নিমতা থানায় যান দমদমের সাংসদ৷ সেই খবর ছড়িয়ে পড়তেই থানার সামনে ভিড় বাড়তে থাকে৷ তৃণমূল সাংসদ থানা থেকে বেরিয়ে আসার সময়ই তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ৷ শুরু হয় চোর, চোর স্লোগান৷ কোনওক্রমে পরিস্থিতি সামাল দেয় পুলিশ৷ দ্রুত এলাকা ছাড়েন তৃণমূল সাংসদও৷
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অবশ্য অভিযোগ, প্রবীণ সাংসদকে হেনস্থা করতেই এই ঘটনা ঘটানো হয়েছে৷ মেজাজ হারিয়ে বিক্ষোভকারীদের দিকে এগিয়েও যান সৌগত রায়৷
তবে তৃণমূল নেতৃত্ব বিজেপি-র দিকে আঙুল তুললেও বিক্ষোভকারীদের হাতে কোনও দলের পতাকা দেখা যায়নি৷ কেন সাংসদ দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে আটক তৃণমূলকর্মীদের ছাড়াতে থানায় এলেন, সেই প্রশ্ন তুলেই বিক্ষোভ ছড়ায়৷ সাংসদের নিরাপত্তাকর্মী এবং পুলিশকর্মীরা তাঁকে ঘিরে ধরে কোনওক্রমে গাড়িতে তুলে দেন৷
প্রসঙ্গত, যে এলাকায় এ দিন সৌগত রায়কে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় সেটি দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে৷ বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রেও জয় পেয়েছে বিজেপি৷ রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে পরাজিত করে দমদম উত্তর কেন্দ্রে জয়ী হন বিজেপি-র সৌরভ শিকদার৷ বিজেপি নেতা দেবজিৎ সরকারের অবশ্য দাবি, এই ঘটনার সঙ্গে তাঁদের দল কৌনওভাবেই যুুক্ত নয়৷