সংশোধনাগার নয় এবার অনুপ্রবেশকারীদের জন্য বিশেষ ব্যবস্থা মালদহে, পুশব্যাকের আগে রাখা হবে এই হোল্ডিং সেন্টারে
News18 বাংলা | ২৮ মে ২০২৬
ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখতে এবার কড়া পদক্ষেপ নিল প্রশাসন। সংশোধনাগারের পরিবর্তে চিহ্নিত অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ হোল্ডিং সেন্টার। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মালদহ জেলাতেও চালু হয়েছে এই ব্যবস্থা। ইংরেজবাজার থানার চন্দন পার্ক এলাকায় সরকারি একটি ভবনে তৈরি হয়েছে ওই হোল্ডিং সেন্টার, যেখানে অবৈধভাবে রাজ্যে থাকা বাংলাদেশি নাগরিকদের রাখা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সুপার অনুপম সিং জানান, “সরকারি প্রশিক্ষণ কেন্দ্রের ভবনকে হোল্ডিং সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। যেখানে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে রাখা হবে। এরপর প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরানোর হবে তাদের। খাওয়া-দাওয়া, স্বাস্থ্য পরিষেবা-সহ সমস্ত প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নজরদারি চালানো হচ্ছে।”
তিনি আরও জানান, “বর্তমানে ওই হোল্ডিং সেন্টারে নয়জন বাংলাদেশি রয়েছেন। রাজ্যের ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। রাজ্যের নির্দেশ অনুযায়ী পরবর্তী সময়ে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে ওই অনুপ্রবেশকারীদের। এরপর ফেরানোর প্রক্রিয়া ঠিক করবে বিএসএফ কর্তৃপক্ষ। এছাড়া নিরাপত্তার স্বার্থে হোল্ডিং সেন্টারের ভিতরে ও বাইরে একাধিক সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি চারপাশে কড়া পুলিশি নজরদারিও চালানো হচ্ছে।”
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদহ জেলায় প্রায় ১৭২ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্তের মধ্যে প্রায় ৩৩ কিলোমিটার দীর্ঘ এলাকা এতদিন কাঁটাতারহীন ছিল। ইতিমধ্যেই সেই উন্মুক্ত এলাকায় কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রশাসনের মতে, এই ফাঁক গলেই এতদিন অনুপ্রবেশের ঘটনা ঘটত। তাই সীমান্ত সুরক্ষা জোরদার করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্য সরকার এবং প্রশাসনের এমন পদক্ষেপ আগামীতে দেশের সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা আরও ভাল হবে বলে অভিমত অনেকের।