• জাতীয় সড়কে ভয়ঙ্কর কাণ্ড, গ্যাস কাটার দিয়ে বের করে আনা হল লরি চালককে
    News18 বাংলা | ২৮ মে ২০২৬
  • মালদহে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। দুমড়ে-মুচড়ে গেল ১৪ চাকা লরি‌। আশঙ্কাজনক অবস্থায় রাজস্থানের চালক ভর্তি মালদহ মেডিক্যালে। বৃহস্পতিবার ভয়াবহ পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদহের মিশন রোড এলাকায় জাতীয় সড়কে। দুর্ঘটনায় গুরুতর জখম হন একটি ১৪ চাকা লরির চালক।

    আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন গাজোল থেকে মালদহ শহরের দিকে আসছিল একটি ১৪ চাকা লরি। পরপর একাধিক লরি পেছনে পেছন যাচ্ছিল জাতীয় সড়ক ধরে। সেই সময় পুরাতন মালদহের মিশন রোড সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি লরি গাড়িকে পেছন থেকেই সজোরে ধাক্কা মারে লরিটি।

    ধাক্কার জেরে লরির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর লরির কেবিনের ভিতরে স্টিয়ারিংয়ে আটকে পড়েন চালক। ঘটনাটি নজরে আসতেই স্থানীয়রা ছুটে এসে পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় মালদহ থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্ধারকারী দল। রিকভারি ভ্যান এবং গ্যাস কাটারের সাহায্যে দীর্ঘ চেষ্টার পর গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করা হয়।

    আহত চালকের নাম সুনীল কুমার বলে জানা গিয়েছে। তিনি রাজস্থানের বাসিন্দা। পরে তাঁকে দ্রুত মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এই দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে মালদহ থানার পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)