• পুরুষ হয়েও কীভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন রাকিবুল? পুলিশি জেরায় সামনে এল বিরাট চক্র
    News18 বাংলা | ২৮ মে ২০২৬
  • একা রাকিবুল শেখ নয়, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ভুয়ো অ্যাকাউন্টে নেওয়ার পিছনে কাজ করছে বড় চক্র। পুরুষ হয়েও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেওয়ার অভিযোগে গতকালই বহরমপুরের বাসিন্দা রাকিবুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ৷ সেই রাকিবুলকে জেরা করেই এবার তদন্তকারীদের হাতে এল আরও চাঞ্চল্যকর তথ্য৷

    গতকাল নবান্নে অন্নপূর্ণা প্রকল্পের নাম ঘোষণা করতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনিয়মের অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ সেই সূত্রেই বহরমপুরের রাধারঘাটের শিয়ালমারার বাসিন্দা রাকিবুল শেখের নাম করেন মুখ্যমন্ত্রী৷ তিনি অভিযোগ করেন, পুরুষ হয়েও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন রাকিবুল৷

    মুখ্যমন্ত্রী এই অভিযোগ করার পরই রাকিবুলের বাড়িতে হাজির হয় সংবাদমাধ্যম৷ রাখঢাক না করেই রাকিবুল স্বীকার করেন, ২০২৩ সাল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তিনি৷ গতকাল সন্ধ্যাতেই রাকিবুলকে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ৷

    পুলিশ সূত্রের খবর, জেরায় রাকিবুল দাবি করেছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মুস্তাফিজুর রহমান বলে এক যুবক তাঁর এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দিয়েছিলেন। তার জন্য তাঁকে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অর্ধেকটা দিতে হতো। লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা হিসেবে নাম নথিভুক্ত করতে মহিলাদের নথি ব্যবহার করা হয়েছিল৷ কিন্তু সেই ব্যাঙ্ক অ্যাকউন্ট ছিল রাকিবুল শেখের।

    ইতিমধ্যেই রঘুনাথগঞ্জের বহড়া গ্রামে ওই যুবকের বাড়িতে রওনা দিয়েছে পুলিশের একটি দল। রাকিবুলের বিয়ে হয় রঘুনাথগঞ্জে। সেই সূত্রেই অভিযুক্ত মুস্তাফিজুরের সঙ্গে তাঁর যোগাযোগ হয় বলে প্রাথমিক তদন্তে উঠে আসছে।শুধু রাকিবুল নয়, এর সঙ্গে মুর্শিদাবাদ জেলার বেশ কয়েকজন যুবক জড়িত বলে মনে করছে পুলিশ।

    গতকাল রাকিবুল বলেছিলেন, ‘যে সময় থেকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছিল তখন আমার টাকার দরকার ছিল। তাই কাউকেই আলাদা করে কিছু জানাইনি। বিডিও অফিসে টাকা পাওয়ার কথা জানাতে গেলেও কেউ কিছু করেনি৷ বন্ধুরা বলেছিল, টাকা যখন ঢুকছে নিয়ে নে৷ তবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য আমি কোথাও কোনও আবেদন করিনি।’
  • Link to this news (News18 বাংলা)