• বসে থাকতে থাকতে দামোদরের তলিয়ে গেল নাবালক, বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মর্মান্তিক কাণ্ড
    News18 বাংলা | ২৮ মে ২০২৬
  • বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে দামোদরের জলে তলিয়ে গেল এক স্কুল পড়ুয়া।ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্থানীয়দের সহযোগিতায় নাবালকের খোঁজে তল্লাশি শুরু করে জেলা বিপর্যয়ের মোকাবিলা দফতর ও খন্ডঘোষ থানার পুলিশ। নামানো হয় ডুবুরিও। পরে উদ্ধার হয় দেহ। মৃতের নাম রাজবীর কুণ্ডু, বয়স ১৫ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে বর্ধমান শহরের লক্ষ্মীপুর জোড়া মন্দির এলাকার বাসিন্দা এক কিশোর কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুরতে এসে খণ্ডঘোষের গৈতানপুর চরমানার ফরেস্ট সংলগ্ন এলাকায়।

    সেখানে রাজবীর নামে এক স্কুল পড়ুয়া দামোদরে তলিয়ে যায়। রাজবীরের সঙ্গে আসা বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, বন্ধুরা নিষেধ করা সত্ত্বেও দামোদরের জলে নেমে তলিয়ে যায় রাজবীর। যদিও স্থানীয়দের দাবি, দামোদরের তীরবর্তী গৈতানপুরের চরমানা এলাকা ভাঙন প্রবণ এলাকা। ভাঙনে বিঘের পর বিঘে জমি সহ বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। বুধবার বিকেলে কয়েকজন বন্ধু মিলে নদীর পাড়ে বসে গল্প করার সময় নদীর পাড় ভেঙে নদীগর্ভে পড়ে তলিয়ে যায় সে।

    বুধবার বিকেলের দিকে তল্লাশি চালিয়ে নাবালকের খোঁজ না মেলায় বৃহস্পতিবার সকাল থেকে ফের তল্লাশি শুরু করে জেলা বিপর্যয় মোকাবিলা দফতর ও পুলিশ। অবশেষে বৃহস্পতিবার দুপুরে উদ্ধার হয় তাঁর দেহ। স্থানীয় বাসিন্দা নিতাই প্রসাদ মণ্ডল দাবি, এই এলাকায় প্রায়ই নানান দুর্ঘটনা ঘটছে। কিছুদিন আগেই আরও এক যুবক তলিয়ে গিয়েছিল। বরেন হীরা বলেন, চার পাঁচ জন বন্ধু ঘুরতে এসেছিল। নদের ধারে ঘোরার সময় পাড়ে ধস নামে এবং ছেলেটি তলিয়ে যায়।

    ছেলেটি নদে পড়ে যায়, তবে আর উঠতে পারে নি সে। বুধবার থেকে আমরা খোঁজাখুঁজি করেছি। বৃহস্পতিবার সকালে আমরা বিপর্যয় মোকাবিলা দফতরকে খবর দি। অবশেষে দুপুরে দেহ উদ্ধার হয়। এই এলাকায় প্রায়ই এই ধরনের ঘটনা ঘটছে বলে খবর। স্থানীয়দের প্রশাসনের কাছে অনুরোধ, নদীতে ধস বন্ধ করার জন্য ব্যবস্থা নেওয়া হোক। প্রসঙ্গত, গত সপ্তাহে এই এলাকাতেই গৈতানপুর চরমানা এলাকায় বন্ধুদের সঙ্গে পিকনিক করতে এসে দামোদরের স্নান করতে নেমে তলিয়ে গেছিল এক যুবক।
  • Link to this news (News18 বাংলা)