সাংঘাতিক কাণ্ড! শিঙাড়া-চাটনি মুখে তুলতে গিয়েই দেখা গেল জ্বলন্ত টিকটিকি, অসুস্থ ৭ ছাত্রী
News18 বাংলা | ২৮ মে ২০২৬
শিঙাড়ায় জ্বলন্ত টিকটিকি। মুখে তোলার আগেই দেখা গেল সেই ভয়ঙ্কর ছবি। ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহরের তিন নম্বর ঘুমটি সংলগ্ন অত্যন্ত জনপ্রিয় এক মিষ্টির দোকানে শিঙাড়া ও চাটনি খেতে গিয়ে চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন একদল ছাত্রী।
অভিযোগ, শিঙাড়ার চাটনির ভিতর থেকেই হঠাৎ দেখা যায় একটি মৃত জ্বলন্ত টিকটিকি। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন, শুরু হয় বমি। মোট ৭ জন ছাত্রী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে দোকান কর্তৃপক্ষ দ্রুত তাদের একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। বর্তমানে সবাই অনেকটাই সুস্থ। যদিও পুরো ঘটনাটি অস্বীকার করেছেন দোকানের মালিক রাজীব সরকার।
তাঁর দাবি, “আমাদের দোকানে যথেষ্ট হাইজিন মেনে খাবার তৈরি হয়। এমন ঘটনা ঘটেনি।” তবে অন্যদিকে অসুস্থ এক ছাত্রীর বাবা নেতাজিপাড়ার বাসিন্দা অসীম রাজবংশী বলেন, “আমার মেয়ে-সহ ৭ জন অসুস্থ হয়ে পড়ে। এত জনপ্রিয় দোকানে এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।” ঘটনার জেরে শহরজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি, তবে ফুড সাপ্লাই দফতরে অভিযোগ জানানো হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, সম্প্রতি বিরিয়ানির ভিতর পোকার ঘটনায় ছড়ায় চাঞ্চল্য। দোকান থেকে এক ব্যক্তি বাড়ির জন্য খাবার কিনে আনেন। যখন তাঁরা খেতে বসেন তাঁরা দেখেন বিরিয়ানির মাংসের মধ্যে নড়াচড়া করছে একটি পোকা। এরপর এই বিরিয়ানির দোকানে বেশ কিছু যুবক এসে ঝামেলা শুরু করে। এরপরে শিঙাড়ায় টিকটিকি পড়ার ঘটনায় ফের ছড়াল তোলপাড়।