• কোথায় জমা দেবেন অন্নপূর্ণা যোজনার ফর্ম? কোন কোন সরকারি দফতরে পাওয়া যাবে, কেন নেওয়া হচ্ছে পারিবারিক তথ্য? ব্যাখ্যা মন্ত্রী অগ্নিমিত্রার
    News18 বাংলা | ২৮ মে ২০২৬
  • অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ হয়েছে গত বুধবারই৷ ওইদিন রাতেই ওয়েবসাইটের নামও প্রকাশ্যে এনেছেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল৷ বৃহস্পতিবার এ বিষয়ে বড় আপডেট দিলেন মন্ত্রী৷ জানালেন, অন্নপূর্ণা যোজনার ফর্ম অফলাইনে বিডি অফিস ও, ডিএম অফিস, পুরসভা, ওয়ার্ড অফিস থেকে পাওয়া যাবে। পুরসভার কর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দেবেন। ফর্ম ফিলাপ করে কাছাকাছি সরকারি অফিসে জমা দেওয়া যাবে। সকলকে পূর্ণ তথ্য দিয়ে ফর্ম ফিল আপ কার পরামর্শ দেন অগ্নিমিত্রা৷

    এদিন মন্ত্রী বলেন, ‘‘যা যা তথ্য চাওয়া হয়েছে সেগুলি আপনারা দিয়ে দিন কারণ গত ১৫ বছরে পুরুষরাও লক্ষীর ভান্ডার পেয়েছে। ওই প্রকল্প তো পুরুষদের জন্য ছিল না। এতদিন ইচ্ছে করেই সেগুলি দেখা হয়নি। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকেই এই প্রকল্প চলে। আমরা চাই যার পাওয়া উচিত তিনি প্রকল্পের সুবিধা পান। এটাই আমরা চাই।’’

    তাঁর কথায়, ‘‘যাঁরা ট্যাক্স দেন, তাঁদের কি এই প্রকল্পের সুবিধা পাওয়া উচিত? সেটা আপনারা ভেবে দেখুন। আগের সরকার কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা পেতে দেয়নি, আমরা সব সুবিধা দেবো। DBT মাধ্যমে টাকা পৌঁছে যাবে। ৩ জুন নবান্ন থেকে অফিশিয়ালি পাঁচ ছয় জনকে আমরা প্রকল্পের সুবিধা দেওয়ার মাধ্যমে শুরু করব।’’

    কেন তথ্য নিচ্ছে সরকার, সেই বিষয়টিও পরিষ্কার করে দেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল৷ জানান, ‘‘আপাতত, আয়করের বিষয়টা আমরা দেখছি, আর বাকি ডেটা গুলি আমরা দেখে নিতে চাইছি ভবিষ্যতের জন্য। একবারে সব ডেটা আমরা দেখে নিতে চাইছি। আমি মা-বোনদের অনুরোধ করব আপনারা অসত্য কথা লিখবেন না। তাহলে আপনারা চিহ্নিত হয়ে যেতে পারেন। কারণ, এই তথ্যের উপরেই যাচাই প্রক্রিয়া চলবে। গরিব মা বোনেরা টাকা পান সেটা আমরা চাইছি। যার কোনও ইনকাম ট্যাক্স ফাইল নেই তিনি অবশ্যই টাকা পাবেন। যিনি আবেদন করছেন তাঁর ক্ষেত্রটাই আমরা যাচাই করব।’’

    মন্ত্রী কথায়, ‘‘এতদিন সংখ্যালঘু পুরুষ ও বহিরাগতরা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেত। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আমরা ক্যাম্পও করব। সব সরকারি অফিসে ক্যাম্প করা হবে। এমন কোনও বিষয় নেই যে আগামী দু-তিন দিনের মধ্যেই সব ফর্ম ফিলাপ করতে হবে। যারা আইটি ফাইল করেন কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হয় না তারাও পাবেন। যারা দেশের নাগরিক নয় তারা পাবেন না। তা বাদে যারা সিএএ এর জন্য আবেদন করেছেন, ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তারা পাবেন।’’

    গতকাল সোশ্যাল মিডিয়া পোস্টে রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল লেখেন, ‘পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা যোজনা’ (বা অন্নপূর্ণা ভাণ্ডার) চালু করেছে। অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সমস্ত তথ্য এবং এপ্লিকেশন ফর্ম – নিচে দেওয়া ওয়েবসাইটে পেয়ে যাবেন https://socialsecurity.wb.gov.in’
  • Link to this news (News18 বাংলা)