• শিলিগুড়ির যানজট মুক্তিতে মেগা প্ল্যান, পুলিশের দুর্নীতি নিয়েও কড়া বার্তা বিধায়ক শঙ্কর ঘোষের
    News18 বাংলা | ২৮ মে ২০২৬
  • : দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানে এবার বড় উদ্যোগ নিতে চলেছে শিলিগুড়ি পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিরা। বুধবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বৈঠক কক্ষে বিধায়ক শংকর ঘোষ পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ-সহ ট্র্যাফিক বিভাগের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সেবক রোড ও হিলকার্ট রোডকে আরও যান চলাচল উপযোগী করে তোলা, পার্কিং সমস্যা কমানো এবং শহরের ট্র্যাফিক ব্যবস্থাকে আধুনিক রূপ দেওয়া।

    বৈঠকে অবৈধ পার্কিং ও অনিয়ন্ত্রিত যান চলাচলকে শহরের অন্যতম বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। ইতিমধ্যেই হিলকার্ট রোডে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। পাশাপাশি নির্দিষ্ট পার্কিং জোন ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। বিলাসবহুল বেসরকারি বাস ও স্কুল বাসের রেগুলেশন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

    সূত্রের খবর, ভেনাস মোড় সংলগ্ন রেলের সিটি বুকিং এলাকার জায়গায় মাল্টিলেভেল পার্কিং তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও হিমুল ক্যাটেল ফিল্ড এলাকাকেও পার্কিং ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তা জুড়ে অতিরিক্ত সিসিটিভি বসানো এবং ভবিষ্যতের রাস্তা সম্প্রসারণ প্রকল্পের সঙ্গে নজরদারি ব্যবস্থাকে যুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে। সাধারণ মানুষের নিরাপদ চলাচলের জন্য নতুন ফুটব্রিজ তৈরির প্রস্তাবও উঠে আসে বৈঠকে। একইসঙ্গে টোটো চলাচল নিয়ন্ত্রণ, যানবাহনের চাপ কমানো এবং রাস্তার কাজ শুরুর আগে সাধারণ মানুষকে আগাম জানানো নিয়েও পরিকল্পনা করা হয়েছে।

    বৈঠক শেষে বিধায়ক শংকর ঘোষ জানান, আগামী মাসে ফের প্রশাসনের সঙ্গে বসে এই পরিকল্পনাগুলির অগ্রগতি পর্যালোচনা করা হবে। তিনি বলেন, সাধারণ মানুষের মতামত নিয়েই আগামী দিনের কাজ এগোবে। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গেও কড়া বার্তা দেন তিনি। সব মিলিয়ে মাল্টিলেভেল পার্কিং, সিসিটিভি, ফুটব্রিজ ও ট্র্যাফিক আধুনিকীকরণের মতো একাধিক দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী দিনে শিলিগুড়ির যানজট সমস্যায় অনেকটাই স্বস্তি মিলতে পারে বলে মনে করছে প্রশাসনিক মহল।
  • Link to this news (News18 বাংলা)