মায়াপুরে দাঁড়িয়ে বাংলার ঐতিহ্য ফেরাতে বড় অঙ্গীকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
News18 বাংলা | ২৮ মে ২০২৬
: দায়িত্ব গ্রহণের পর ইসকন মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে এসে রাধামাধব দর্শন ও বিশেষ প্রার্থনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মায়াপুরে গোশালায় বিশেষ পুজো এবং গোমাতা সেবা করার পর চন্দ্রোদয় মন্দিরে উপস্থিত হয়ে তিনি শ্রীল প্রভুপাদ ও শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণে প্রণাম নিবেদন করেন এবং পশ্চিমবঙ্গের সর্বাঙ্গীন কল্যাণের জন্য প্রার্থনা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বিভিন্ন ধর্মীয় স্থানে গিয়ে আশীর্বাদ নিচ্ছেন। এর আগে তিনি কালীঘাট মন্দিরে মায়ের দর্শন করেছেন, বেলুড় মঠে গিয়ে স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ দেবের চরণে শ্রদ্ধা জানিয়েছেন এবং লক্ষ্মীনারায়ণ ও জৈন মন্দিরেও গেছেন। তারই অংশ হিসেবে আজ তিনি ইসকন মায়াপুরে এসে পৌঁছন।
তিনি জানান, ‘আমি একজন সনাতনী এবং ইসকনের পরম ভক্ত’। মায়াপুরের সঙ্গে তাঁর গভীর ও দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি এখানে হৃদয়ের টানে এসেছি। আমি একজন সনাতনী এবং ইসকনের পরম ভক্ত। শ্রীলা প্রভুপাদই একমাত্র ব্যক্তিত্ব যিনি গোটা পৃথিবীতে হরেকৃষ্ণ মহামন্ত্র এবং জগন্নাথ দেবের রথযাত্রাকে ছড়িয়ে দিয়েছেন। ইসকন যেভাবে নিঃস্বার্থভাবে গীতার বাণী প্রচার ও প্রসার করে চলেছে, তা সত্যিই অতুলনীয়।”
মুখ্যমন্ত্রী আরও জানান যে, ব্যক্তিগতভাবে মায়াপুরের সঙ্গে তাঁর বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। বছরের তিনবার—দোলপূর্ণিমা, জন্মাষ্টমী এবং রথযাত্রার সময় তিনি রাধামাধবের অভিষেক করে থাকেন। এছাড়াও, ভক্তিচারু মহারাজের সঙ্গে তাঁর অত্যন্ত সুমধুর সম্পর্কের স্মৃতিচারণ করে তিনি বলেন, মহারাজ যখনই মেদিনীপুরে যেতেন, তাঁকে ডেকে পাঠাতেন এবং তাঁরা একসঙ্গে প্রসাদ গ্রহণ করতেন।
রাজ্যের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার পশ্চিমবঙ্গের গৌরবোজ্জ্বল অতীত ফিরিয়ে আনা এবং মানুষের কল্যাণের জন্য প্রার্থনা জানিয়ে তিনি বলেন, গীতার বাণীকে পাথেয় করে আগামী দিনে তাঁরা রাজ্যবাসীর স্বার্থে ও মায়াপুর ইসকনের সঙ্গে আরও অনেক উন্নয়নমূলক কাজ করতে চান। পরিশেষে, মন্দিরের মহারাজ ও সনাতনীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং রাজ্যের সার্বিক শান্তির কামনা করে তিনি তাঁর মায়াপুর সফর সম্পন্ন করেন।