অনলাইনে বেড়েই চলেছে হেনস্থার ঘটনা। এ বার তার শিকার হলেন গুজরাটের এক মহিলা। দিল্লির এক যুবক ইনস্টাগ্রামে AI ব্যবহার করে গুজরাটের ওই মহিলার ছবি ও ভিডিয়ো বিকৃত করে বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁর মায়ের ছবি ও ভিডিয়ো বিকৃত করেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযুক্ত। আমেদাবাদ পুলিশ গ্রেপ্তার করেছে ওই যুবককে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৭ বছর বয়সি সুমিত নেমচান্দ শর্মা সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় ভিডিও বানাতেন। পেশায় তিনি ছিলেন পুরোহিত। অভিযুক্ত প্রথমে ইনস্টাগ্রামে গুজরাটের ওই মহিলার সঙ্গে ধর্মীয় বিষয়ে কথা বলা শুরু করেন। পরে বন্ধুত্ব করার চেষ্টা করলে মহিলা তা প্রত্যাখ্যান করেন। আর এরপরই শুরু হয় প্রতিশোধ নেওয়ার চেষ্টা। বারবার মহিলাকে মেসেজ করে বিরক্ত করতে থাকে ওই যুবক। কিন্তু তাতেও মহিলা উত্তর না দিলে অভিযুক্ত অন্য পথ বেছে নেয়।
জানা গিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত তিনি অনলাইনে ওই মহিলাকে অনুসরণ ও হয়রান করতে থাকেন। মহিলার এবং তাঁর মায়ের ছবি ইনস্টাগ্রাম থেকে থেকে ডাউনলোড করে ইন্টারনেটে ‘AI Remove Clothes’ ব্যবহার করে একশোটিরও বেশি ভুয়ো নগ্ন ছবি ও ভিডিয়ো তৈরি করেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই যুবক।
পুলিশ আরও জানায়, এরপর ওই মহিলার নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেল তৈরি করে সেইসব অশ্লীল ছবি ও ভিডিয়ো আপলোড করা হয়। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত সোশ্যাল মিডিয়ায় মোট ৮-১০টি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করেছিল। মহিলা ও তাঁর পরিবারের মানহানি করা এবং তাঁদের হেনস্থা করাই ছিল ওই যুবকের উদ্দেশ্য।
মহিলা আমেদাবাদ সিটি সাইবার ক্রাইম ব্রাঞ্চে ওই যুবকের নামে অভিযোগ জানালে সাইবার ক্রাইম টিম ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে দিল্লির উত্তর-পূর্ব এলাকার উসমানপুরে অভিযুক্ত যুবকের সন্ধান পায় এবং তাকে সেখান থেকে গ্রেফতার করে। উল্লেখ্য, আমেদাবাদ পুলিশ অনলাইন সাইবার ক্রাইম আটকানোর জন্য ‘Mission Cyber Rakshika: #SecureHerSpace’ চালু করেছে। এই অভিযানের আওতায় পুরো তদন্ত প্রক্রিয়া করেছে আমেদাবাদ পুলিশ। মূলত অনলাইনে নারী সুরক্ষাকে নিশ্চিত করতেই এই প্রয়াস। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।