• রাস্তায় থুতু-আবর্জনা ফেললেই জরিমানা! কবে থেকে নিয়ম?
    আজকাল | ২৯ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: শহরের যত্রতত্র নোংরা-আবর্জনা ফেলার অভ্যাস বদলাতে এবার কোমর বেঁধে নামছে রাজ্য সরকার। আগামী সেপ্টেম্বর মাস থেকেই রাজ্যে চালু হতে চলেছে কড়া ‘ওয়েস্ট ফাইন’ বা বর্জ্য সংক্রান্ত জরিমানা বিধি। নতুন এই নিয়ম অমান্য করলে প্রশাসনের তরফে কড়া আইনি পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।

    শুধুমাত্র আবর্জনা ফেলাই নয়, এবার থেকে রাস্তায় পানের পিক ফেলা, থুতু ফেলা, কিংবা যেখানে-সেখানে প্লাস্টিকের প্যাকেট ও নোংরা ছড়ালেও পকেট থেকে খসবে জরিমানার টাকা। 

    নজরদারির দায়িত্ব সামলাবে পুলিশ। একই সঙ্গে সরকারি ও বেসরকারি বাসগুলির জন্যও নতুন নিয়ম জারি হচ্ছে। যাত্রীরা যাতে যত্রতত্র নোংরা না ফেলেন, তার জন্য প্রত্যেকটি বাসে বাধ্যতামূলকভাবে রাখতে হবে ‘ওয়েস্ট ব্যাগ’ বা ডাস্টবিন।

    তবে এখনই জরিমানা চাপিয়ে সাধারণ মানুষকে বিপাকে ফেলতে চায় না প্রশাসন। তাই নিয়ম পুরোদমে চালু করার আগে, আগামী তিন মাস রাজ্যজুড়ে ব্যাপক সচেতনতা প্রচার চালানো হবে।

    শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রযুক্তির সাহায্যও নিচ্ছে রাজ্য। খুব দ্রুত চালু হতে চলেছে ‘স্বচ্ছ অ্যাপ’। আগামী ৩০ তারিখ থেকেই পরীক্ষামূলকভাবে রাজ্যের ১০টি পৌরসভায় এই অ্যাপের কাজ শুরু হয়ে যাবে। 

    অ্যাপটির মাধ্যমে নাগরিকেরা পৌর এলাকার পরিচ্ছন্নতা সংক্রান্ত সমস্ত নিয়মকানুন জানতে পারবেন। শুধু তাই নয়, রাস্তায় কোথাও আবর্জনা জমে থাকতে দেখলে, সাধারণ মানুষ সেই নোংরার ছবি তুলে অ্যাপের মাধ্যমে সরাসরি অভিযোগও জানাতে পারবেন। পাশাপাশি, পথচারীদের সুবিধার জন্য শহরের রাস্তাঘাটে প্রতি ১০০ মিটার অন্তর ডাস্টবিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
  • Link to this news (আজকাল)