• রাতের নিস্তব্ধ সোদপুর স্টেশনে এ এক অন্য ছবি
    আজকাল | ২৯ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সোদপুর স্টেশনে রেলের উচ্ছেদ আটকাতে রাত পাহারায় হকাররা, পাশে বাম নেতৃত্ব। জেলার বিভিন্ন স্টেশনে 'অবৈধ দখল' উচ্ছেদকে কেন্দ্র করে ইতিমধ্যেই নোটিশ জারি করেছে রেল কর্তৃপক্ষ। সেই তালিকায় রয়েছে সোদপুর স্টেশনও। আগেই সেখানে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চালানোর সম্ভাবনা তৈরি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশনের অস্থায়ী দোকানদার ও হকারদের মধ্যে। 

    দীর্ঘ দিন ধরে সোদপুর স্টেশন চত্বরে ছোট ছোট দোকান চালিয়ে সংসার টিকিয়ে রেখেছেন বহু পরিবার। উচ্ছেদের আশঙ্কায় নিজেদের শেষ সম্বল বাঁচাতে বুধবার রাতভর স্টেশন চত্বরে জেগে থাকলেন প্রায় দেড়শোর বেশি হকার ও তাঁদের পরিবারের সদস্যরা। রাতভর চলে পাহারা। স্টেশনের প্ল্যাটফর্মে বসেই রাত কাটান তাঁরা। শুধু হকাররাই নন, তাঁদের পাশে দাঁড়াতে রাত জাগতে দেখা যায় বাম নেতৃত্বকেও। উপস্থিত ছিলেন বাম নেত্রী গার্গী চ্যাটার্জি, পানিহাটি কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত-সহ একাধিক দলীয় কর্মী-সমর্থকরা। 

    স্টেশন চত্বরে বসে হকারদের সঙ্গে কথা বলতে এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দিতেও দেখা যায় বাম নেতৃত্বকে। রাতের নিস্তব্ধ সোদপুর স্টেশন যেন অন্য এক চিত্রের সাক্ষী থাকল। সারারাত উৎকণ্ঠায় কাটিয়ে সকাল হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন অনেকেই। তবে আতঙ্ক এখনও কাটেনি। বহু হকারের কথায়, এই দোকানই তাঁদের একমাত্র রুজিরুটি। দোকান চলে গেলে সংসার চালানো অসম্ভব হয়ে পড়বে। সন্তানদের পড়াশোনা থেকে শুরু করে পরিবারের সমস্ত খরচ নির্ভর করে এই ছোট ব্যবসার উপরই।

    এদিন সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত বলেন, "গরিব মানুষের পেটে লাথি মেরে কোনও সরকার চলতে পারে না। যারা দীর্ঘদিন ধরে সৎভাবে হকারি করে সংসার চালাচ্ছেন, তাঁদের এভাবে উচ্ছেদ করা অন্যায়। এঁরা কোনও চুরি করেনি। রাতের অন্ধকারে উচ্ছেদের চেষ্টা আসলে বিজেপির চক্রান্ত।" তাঁর অভিযোগ, রেলকে আরও বেসরকারিকরণের লক্ষ্যে স্টেশন পরিষ্কারের নামে হকার উচ্ছেদ করা হচ্ছে। তিনি আরও বলেন, "যাঁরা হকারি করে সংসার চালান, ছেলে-মেয়ের পড়াশোনা করান, তাঁদের বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা মানবিক নয়। তাই হকাররা রাত জেগে পাহারা দিয়েছেন। প্রয়োজন হলে আগামী দিনেও তাঁরা একইভাবে আন্দোলনে থাকব।"

    যদিও সকালে রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলার পর হকারদের জানানো হয়, আপাতত উচ্ছেদ কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। তবুও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটছে না হকারদের মধ্যে। এদিন কলতান দাশগুপ্ত জানান, শুধু সোদপুর নয়, জেলার অন্যান্য স্টেশনেও হকারদের পাশে থাকবে বাম নেতৃত্ব। বিকল্প ব্যবস্থা ছাড়া কোনওভাবেই হকার উচ্ছেদ মেনে নেওয়া হবে না।
  • Link to this news (আজকাল)