• পুরুষ ‘লক্ষ্মী’র পাশাপাশি এবার ২৫ বছরের কম বয়সি মহিলাদেরও টাকা! অভিযোগ ঘিরে তুমুল শোরগোল চন্দ্রকোণায়
    News18 বাংলা | ২৯ মে ২০২৬
  • গত বুধবার অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশের সাংবাদিক বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন রাকিবুল শেখের কথা৷ ভুয়ো অ্যাকাউন্ট খুলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা হাতানোর উদাহরণ তুলে ধরেছিলেন তিনি৷ পরবর্তী ক্ষেত্রে গ্রেফতারও করা হয় মুর্শিদাবাদের সেই রাকিবুলকে৷ তবে জানা গিয়েছে, একা রাকিবুল শেখ নয়, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ভুয়ো অ্যাকাউন্টে নেওয়ার পিছনে কাজ করেছে বড় চক্র। এমন খবর যখন প্রকাশ্যে আসতে শুরু করেছে, তখন, অর্থের বিনিময়ে ২৫ বছরের কম বয়সি তরুণীদেরও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ জানা গেল৷

    লক্ষ্মীর ভাণ্ডারে শুধু পুরুষ উপভোক্তা নন, ২৫ বছরের নীচে তরুণীরাও পেয়েছেন ১৫০০ টাকা। চাঞ্চল্যকর অভিযোগ পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ে। তালিকা দিয়ে বিডিও-র কাছে অভিযোগ জানালেন বিজেপি নেতৃত্ব। সাধারণত ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পান। এবার ২৫ বছরের নিচে মেয়েদের নামেও লক্ষীর ভাণ্ডার, অভিযোগ হয়েছে ব্লক প্রশাসনের কাছে।

    লক্ষীর ভাণ্ডারে পেতে ন্যূনতম ২৫ বছরের বয়স বেঁধে দেওয়া হয়েছে কিন্তু অভিযোগ শাসক দলের মদতে টাকার বিনিময়ে ২৫ বছরের নীচের মেয়েদের নামেও লক্ষীর ভাণ্ডার প্রকল্পের সরকারি সহায়তা চালু হয়েছে।

    পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকাতে এভাবেই টাকার বিনিময়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাইয়ে দেয়া হয়েছে ২৫ বছরের নিচে মহিলাদের এমনই লিখিত অভিযোগ করা হয়েছে চন্দ্রকোনা ব্লক প্রশাসনে।

    অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মনোহরপুর এলাকার ঘটনা। সেখানে তৃণমূল নেতা পেশায় একজন ঠিকা কর্মী। নাম উত্তম কুমার সাউ। তাঁর নামেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকার অভিযোগ উঠেছে। এলাকার বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল নেতা উত্তম কুমার সাউের নাম লক্ষীর ভাণ্ডারের তালিকায় রয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বিজেপি কর্মীরা৷ ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। বিজেপির দাবি, অবিলম্বে টাকা ফেরত দিতে হবে ওই তৃণমূল নেতাকে। এই বিষয়ে তাঁরা আইনের দ্বারস্থও হবেন বলে জানিয়েছেন।
  • Link to this news (News18 বাংলা)