• পালাবদল হতেই রাজ্যে 'যোগ দিবস'-এর মূল অনুষ্ঠান কলকাতায়, আসবেন খোদ PM মোদী
    আজ তক | ২৯ মে ২০২৬
  • রাজ্যে পালাবদলের পরই বড় উদ্যোগ কেন্দ্রের। এবার আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-এর মূল অনুষ্ঠান হবে কলকাতায়। আগামী ২১ জুন কলকাতাতেই আয়োজিত হবে এই আন্তর্জাতিক কর্মসূচি। অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়েছে।

    এবারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা রাখা হয়েছে “Yoga for Healthy Ageing” বা সুস্থ বার্ধক্যের জন্য যোগাভ্যাস। কেন্দ্রের দাবি, নিয়মিত যোগচর্চা শুধু শারীরিক সুস্থতাই নয়, মানসিক ভারসাম্য বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বিশেষ করে প্রবীণদের সুস্থ জীবনযাপনে যোগের গুরুত্ব তুলে ধরতেই এবারের থিম নির্ধারণ করা হয়েছে।

    মধ্যপ্রদেশের খাজুরাহোতে আয়োজিত ‘যোগ মহোৎসব’-এর অনুষ্ঠানে কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব কলকাতাকে মূল ভেন্যু হিসেবে ঘোষণা করেন। সেখান থেকেই আন্তর্জাতিক যোগ দিবসের ২৫ দিনের কাউন্টডাউনও শুরু হয়েছে। অনুষ্ঠানে যোগ সংক্রান্ত একাধিক নতুন উদ্যোগেরও সূচনা করা হয়েছে।

    সূত্রের খবর, কলকাতার রেড রোড বা শহরের অন্য কোনও বড় খোলা জায়গায় মূল অনুষ্ঠান হতে পারে। সেখানে কয়েক হাজার যোগপ্রেমী, বিভিন্ন যোগ সংস্থা, স্কুল-কলেজের পড়ুয়া ও সাধারণ মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হবে।

    উল্লেখ্য, ২০১৫ সালে রাষ্ট্রসংঘে ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি দেয়। নরেন্দ্র মোদীর উদ্যোগেই এই প্রস্তাব রাষ্ট্রসংঘে গৃহীত হয়েছিল। তারপর থেকেই প্রতি বছর বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হয়। এবার কলকাতায় মূল অনুষ্ঠান হওয়ায় পশ্চিমবঙ্গের জন্য তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
     
  • Link to this news (আজ তক)