তাঁর বিরুদ্ধেই ছিল এক্স পোস্ট। আর সেই পোস্টেই BJP নেত্রী কেয়া ঘোষকে কাকলি ঘোষ দস্তিদার জিজ্ঞেস করলেন, 'কেমন আছো গো?' পাল্টা জবাবও দিলেন BJP নেত্রী। ফলে কাকলির দলবদলের জল্পনা আরও বাড়ল। এক্স হ্যান্ডলেরে কমেন্টে কী কথা হল দুই রাজনীতিবিদের?
সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার খবর সামনে আসতেই তা নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন BJP নেত্রী কেয়া ঘোষ। আর সেই পোস্টেরই কমেন্ট সেকশনে কাকলি কেয়াকে উদ্দেশ করে লেখেন, 'কেমন আছো গো?' যে প্রশ্ন ঘিরে শুরু হয় নতুন রাজনৈতিক জল্পনা।
গত রবিবার বারাসত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার। সেই ইস্তফা গ্রহণও করে নেয় তৃণমূল নেতৃত্ব। এরপর বৃহস্পতিবার তিনি দলের বাকি সমস্ত পদ থেকেও সরে দাঁড়ান। আর বৃহস্পতিবার সকালে তাঁরই সতীর্থ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে লোকসভার স্পিকারকে চিঠি দেন। মৌখিক নিগ্রহ, মহিলাদের অবমাননার মতো গুরুতর অভিযোগ তোলেন কাকলি।
এ সবের মাঝেই ফের নজর পড়ে কেয়া ঘোষের সেই পোস্টে। দেখা যায়, কাকলির কমেন্টের জবাব দিয়েছেন BJP নেত্রী। তিনি পাল্টা বলেছেন, 'ভাল আছি। গুড টু সি ইউ কলিং অ্যা স্পেড অ্যা স্পেড... ফাইনালি।' যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'অবশেষে তুমি স্পষ্ট কথা বলছো দেখে ভাল লাগছে।' কেয়ার এই রিপ্লাই নতুন করে জলবদলের জল্পনা উস্কে উঠেছে।
এর আগে দলের মৌখিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে বুধবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন কাকলি। পরে শুভেন্দু দাবি করেন, কাকলি তাঁকে বলেছেন, 'এতদিনে স্বাধীনতা পেলাম।' সেই বৈঠকের পরদিনই দলের সব পদ থেকে ইস্তফা দেন বারাসতের সাংসদ।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের দায়িত্ব দেওয়া হয়েছিল কাকলি ঘোষ দস্তিদারকে। কিন্তু ভোটে দলের খারাপ ফলের পর তাঁকে সরিয়ে ফের সেই দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তারপর থেকেই দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছিল। এমনকী, নেত্রীর এই সিদ্ধান্তের পর 'আনুগত্যের পুরস্কার পেলাম' বলে ফেসবুক পোস্ট করতেও দেখা যায় কাকলিকে।