• তীব্র পানীয় জলের সঙ্কটে উত্তাল উলুবেড়িয়া, রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের
    দৈনিক স্টেটসম্যান | ২৯ মে ২০২৬
  • তীব্র পানীয় জলের সঙ্কটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল উলুবেড়িয়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের জগদীশপুর ঘোষপাড়া এলাকা। দীর্ঘদিন ধরে জল সরবরাহে সমস্যার অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল থেকে বালতি হাতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। উলুবেড়িয়া-শ্যামপুর রাস্তায় অবরোধের জেরে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।

    স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রায় একশোরও বেশি পরিবার বসবাস করে এবং প্রত্যেক বাড়িতেই পুরসভার পাইপ লাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হয়। কিন্তু গত চারদিন ধরে সেই পাইপ লাইনে পরিষ্কার জল আসছে না। একাধিকবার পুরসভাকে জানানো হলেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি বলেই দাবি বাসিন্দাদের।

    এলাকার বাসিন্দা সোনালি ঘোষ বলেন, ‘প্রচণ্ড গরমের মধ্যে জল না থাকায় চরম সমস্যায় পড়তে হচ্ছে। পুরসভার পক্ষ থেকে একটি মাত্র জলের গাড়ি পাঠানো হয়েছিল, কিন্তু তা গোটা এলাকার চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল।‘

    বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি স্থানীয় কাউন্সিলর তানভি নিজাম মোল্লাকে জানানো হলেও দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও কাউন্সিলর সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, সমস্যার কথা জানার পরই পুরসভার জল বিভাগকে বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু সেদিন মিস্ত্রি না পাওয়ায় পাইপ লাইনের মেরামতির কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে এলাকায় জলের ট্যাঙ্কার পাঠানো হয়েছিল বলে তিনি জানান।

    বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাইপ লাইনের মেরামতির কাজ চললেও বৃহস্পতিবার সকালেও জল সরবরাহ স্বাভাবিক হয়নি বলে অভিযোগ। এদিন সরকারি ছুটি থাকায় মেরামতির কাজ পুরোপুরি করা সম্ভব হয়নি বলেও জানা গিয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। প্রায় আধঘণ্টা ধরে চলা অবরোধের পরে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধ তুলে নেওয়া হলেও ক্ষোভ এখনও প্রশমিত হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)