• ট্যাংরার তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার বিপুল আধার,ভোটার কার্ড
    দৈনিক স্টেটসম্যান | ২৯ মে ২০২৬
  • ফের তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার হল বিপুল সংখ্যক ভোটার এবং আধার কার্ড। কলকাতা পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডের ট্যাংরা এলাকার তৃণমূল কার্যালয়ের ভিতরে একটি আলমারি থেকে এগুলি পাওয়া যায় বলে অভিযোগ। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশবাহিনী।

    কীভাবে তৃণমূল অফিসে এতগুলি আধার এবং ভোটার কার্ড এল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে স্থানীয়দের দাবি, বিভিন্ন পরিষেবা পাইয়ে দেওয়ার নামে স্থানীয় তৃণমূল নেতারা কার্ডগুলি নিতেন। কিন্তু তা আর ফেরত দিতেন না। আবার ভোটাররা যাতে ভোট দিতে না পারে, তাই আধারগুলি নিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। এহেন অভিযোগও পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

    ট্যাংরা ২ নম্বর লেনের ওই তৃণমূল কার্যালয়টি বেলেঘাটা বিধানসভা এলাকার মধ্যে পড়ে। ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে সেটি তালাবন্ধ অবস্থায় ছিল। স্থানীয় বেশ কয়েকজন তালা ভেঙে ওই কার্যালয়ের মধ্যে ঢোকেন। এরপর ওই কার্যালয় পরিষ্কার করতে গিয়ে সেখানে থাকা একটি আলমারি খুলতেই দেখা যায় থরে থরে সাজানো একাধিক আধার এবং ভোটার কার্ড।

    এক স্থানীয় ব্যক্তির দাবি, তাঁর বাড়িতে আধার কার্ড রয়েছে। তবু আলমারির মধ্যে তাঁর নকল আধার কার্ড পাওয়া গিয়েছে। এরপরেই ওই তৃণমূল কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)