• সিকিমে এখন সকলেই সাক্ষর! দেশের পঞ্চম রাজ্য হিসেবে অনন্য নজির
    প্রতিদিন | ২৯ মে ২০২৬
  • দেশের পঞ্চম রাজ্য হিসেবে পূর্ণ সাক্ষর রাজ্যের কৃতিত্ব অর্জন করল সিকিম। কেন্দ্রের ‘ULLAS’ প্রকল্পের অধীনে এই নজির গড়ল রাজ্যটি। উত্তরপূর্ব ভারতের তৃতীয় রাজ্য এবং দেশের পঞ্চম রাজ্য হিসেবে সিকিম এই কৃতিত্ব অর্জন করেছে। এর আগে এই কৃতিত্ব ছিল মিজোরাম, গোয়া, ত্রিপুরা, হিমাচল প্রদেশের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের মনন কেন্দ্রে এই ঘোষণা করা হয়েছে। এটি সিকিমের জন্য একটি ঐতিহাসিক শিক্ষাগত মাইলফলক হিসেবে মনে করা হচ্ছে।

    অনুষ্ঠানে সিকিমের রাজ্যপাল ওম প্রকাশ মাথুর, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এবং রাজ্যের শিক্ষামন্ত্রী রাজু বাসনেটও উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ‘এই অসাধারণ স্বীকৃতি সিকিমের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং এটি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী প্রেম সিং তামাং (গোলে)-এর বাস্তবসম্মত ও দূরদর্শী নেতৃত্বের অধীনে শিক্ষাগত ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি রাজ্যের অবিচল অঙ্গীকারকেই প্রতিফলিত করছে।’

    মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জানিয়েছেন, “২০২৬ সালের ২৭ মে সিকিমে মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুর শুভ আগমনের সময়, ‘ULLAS: নব ভারত সাক্ষরতা কার্যক্রম’-এর আওতায় আমাদের রাজ্যকে আনুষ্ঠানিকভাবে একটি ‘পূর্ণ সাক্ষর রাজ্য’ হিসেবে ঘোষণা করার মুহূর্ত ঐতিহাসিক ও গর্বের। সিকিমের জনগণকে জানাই আমার আন্তরিক অভিনন্দন।”

    সেই সঙ্গেই তিনি জানান, ”এই অর্জন আমাদের রাজ্যের শিক্ষাগত ও সামাজিক অগ্রগতির পথে এক যুগান্তকারী মাইলফলক। জ্ঞান, মর্যাদা, ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে কোনও প্রাপ্তবয়স্ক নাগরিক যেন পিছিয়ে না পড়েন— তা নিশ্চিত করতে আমাদের যে  অঙ্গীকার, সেটাই এতে প্রতিফলিত হয়েছে।”
  • Link to this news (প্রতিদিন)