চারচাকার ধাক্কায় উড়ালপুল থেকে ছিটকে নিচে! নাগেরবাজারে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর
প্রতিদিন | ২৯ মে ২০২৬
বেপরোয়া গতির বলি এক বাইক আরোহী। নাগেরবাজারে প্রবল গতিতে এগিয়ে আসা একটি চারচাকা গাড়ির ধাক্কায় উড়ালপুল থেকে ছিটকে নিচে পড়েন এক বাইক আরোহী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। গাড়ি ও গাড়ির চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ঘটনা। এয়ারপোর্টের দিক থেকে আসছিল একটি গাড়ি। ঠিক তার উল্টোপথে অর্থাৎ নাগেরবাজারের দিক থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল মোটর বাইকটি। ঠিক সেই সময়েই প্রবল গতিতে আসা গাড়িটি ধাক্কা মারে বাইকে। ধাক্কার অভিঘাত এতটাই তীব্র ছিল যে উড়ালপুল রীতিমতো ছিটকে গিয়ে সটান নিচে পড়েন বাইক আরোহী। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটির গতি মারাত্মক বেশি ছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় নাগেরবাজার থানার পুলিশ। ঘাতক গাড়ি ও গাড়ির চালককে আটক করেছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকটিও থানায় নিয়ে যাওয়া হয়েছে। উড়ালপুল থেকে বাইক আরোহীকে নিচে পড়তে দেখে ছুটে আসেন স্থানীয়রা। নাগেরবাজার ট্রাফিক পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পাঠায় দমদম মিউনিসিপাল হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশ সূত্রে খবর, চারচাকা গাড়িটি বাইকে ধাক্কা মারতেই গাড়ির সামনেই এয়ারব্যাগ খুলে যায়। যার জেরেই বরাত জোরে প্রাণে বাঁচেন চালক। ঠিক কী কারণে ঘটল দুর্ঘটনা, গাড়ির গতিবেগ কত ছিল, চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা, ঘটনার তদন্ত শুরু করেছে নাগেরবাজার থানার পুলিশ।