• ত্রিপল-কোটি টাকার কেলেঙ্কারিতে জালে কাকা-ভাইপো ! গ্রেফতার ধৃত তৃণমূল চেয়ারম্যানের হিসাবরক্ষক ও ঘনিষ্ঠ সহযোগী
    eTV Bharat | ২৮ মে ২০২৬
  • বাদুড়িয়া, 28 মে: সরকারি ত্রাণ ও ত্রিপল চুরির মামলার জল গড়াল কোটি কোটি টাকার কেলেঙ্কারিতে ৷ পুলিশ হেফাজতে থাকা বাদুড়িয়া পুরসভার ধৃত তৃণমূল চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে লাগাতার জিজ্ঞাসাবাদের পর, এই চক্রে সরাসরি জড়িত থাকার অভিযোগে আরও দু'জনকে গ্রেফতার করল বাদুড়িয়া থানার পুলিশ ৷ ধৃতদের নাম শামীম গাজী এবং রফিকুল গাজী ৷ আজই তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

    পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত শামীম গাজী এতদিন চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের হিসাবরক্ষক হিসেবে কাজ করত ৷ চেয়ারম্যানের যাবতীয় অবৈধ আর্থিক লেনদেন এবং বেআইনি কাজের হিসাব রাখার মূল দায়িত্ব ছিল এই শামীমের উপরেই ৷ অন্যদিকে, ধৃত রফিকুল গাজী হল শামীমের কাকা এবং চেয়ারম্যানের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ৷ এলাকায় দীপঙ্কর ভট্টাচার্যের হয়ে যাবতীয় তোলাবাজি ও বেআইনি কারবার সামলানোর মূল পান্ডা ছিল এই রফিকুল ৷

    গত কয়েকদিনে বাদুড়িয়ার গোপন ডেরা থেকে উদ্ধার হওয়া কয়েক হাজার সরকারি ত্রিপল এবং কোটি কোটি টাকা লুকানোর নেপথ্যে এই শামীম ও রফিকুলের অত্যন্ত সক্রিয় ভূমিকা ছিল বলে মনে করছেন পুলিশ ৷

    প্রসঙ্গত, গত বুধবার রাতে বাদুড়িয়ার পুর এলাকায় তৃণমূল চেয়ারম্যানের নিজস্ব পার্টি অফিস ও নির্জন বাগান বাড়ি থেকে হাজার হাজার সরকারি ত্রিপল উদ্ধারকে কেন্দ্র করে এই দুর্নীতির খতিয়ান সামনে আসে ৷ এরপর পুলিশ চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করে ছ'দিনের হেফাজতে নেয় ৷

    গতকাল ধৃত চেয়ারম্যানকে জেরা করে তাঁরই পার্টি অফিসের পাশের জমি থেকে মাটি খুঁড়ে বস্তা ও ট্রলি ব্যাগ ভর্তি বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধার করে পুলিশ ৷ উদ্ধার হওয়া চাঞ্চল্যকর এই গুপ্তধনের মধ্যে থেকে এখনও পর্যন্ত নগদ 2 কোটি 24 লক্ষ 75 হাজার টাকা গণনা করা সম্ভব হয়েছে ৷

    এই কেলেঙ্কারির আবহে ধৃত চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের রাজনৈতিক ও অর্থনৈতিক উত্থানের খতিয়ান নিয়েও এলাকায় তীব্র চর্চা শুরু হয়েছে ৷ জানা গিয়েছে, তার জীবনের প্রথম দিকের পেশা ছিল অত্যন্ত সাধারণ ৷ প্রথমে সে অন্যের গাড়ির চালক হিসেবে কাজ করত এবং পরে নিজের গাড়ির ব্যবসা শুরু করে ৷

    এরপর 2010 সালে প্রথমবার কংগ্রেসের টিকিটে পুরসভা নির্বাচনে জিতে বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান পদে বসে দীপঙ্কর ৷ এর ঠিক তিন বছর পর, 2013 সালে সে দলবদল করে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় এবং 2015 সাল পর্যন্ত চেয়ারম্যান পদে বহাল থাকে ৷ পরবর্তীতে 2018 সালে তৎকালীন চেয়ারম্যান তুষার সিংহের আকস্মিক মৃত্যুর পর দীপঙ্কর ভট্টাচার্য পুনরায় চেয়ারম্যানের চেয়ারে বসে এবং বর্তমান সময় পর্যন্ত সে একটানা বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান পদে আসীন ছিল ৷

    ঠিক এই আবহেই চেয়ারম্যানের হিসাবরক্ষক ও ঘনিষ্ঠ সহযোগীর গ্রেফতারি তদন্তে এক মস্ত বড় মোড় এনে দিল ৷ আজ আদালতে ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ ৷ এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷
  • Link to this news (eTV Bharat)