ক্ষণিকের ঝড়ে লন্ডভন্ড শিলিগুড়ির বেশ কিছু এলাকা! উপড়ে পড়ল গাছ, বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন
News18 বাংলা | ২৯ মে ২০২৬
শিলিগুড়ির ওপর দিয়ে বয়ে যাওয়া আচমকা এক ক্ষণিকের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে শহরের বেশ কিছু এলাকা বৃহস্পতিবার রাতে আচমকা আসা ঝড়ের দাপটে কোথাও বিশালাকার গাছ উপড়ে পড়েছে, আবার কোথাও গাছ গিয়ে পড়েছে বিদ্যুতের খুঁটির ওপর। এর ফলে শহরের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ার পাশাপাশি ব্যাহত হয়েছে সাধারণ যান চলাচল। বিশেষ করে পানিট্যাঙ্কি মোড়ে একটি বড় গাছ উপড়ে রাস্তার ডিভাইডারের রেলিংয়ের ওপর পড়ে যাওয়ায় সেবক রোডের ওই অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
দুর্যোগের খবর পেয়েই রাতেই পরিস্থিতি পরিদর্শনে পানিট্যাঙ্কি মোড়ে আসেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি ঘটনাস্থলে দাঁড়িয়েই সরাসরি ফোনে কথা বলেন শহরের মেয়র গৌতম দেবের সাথে। রাজনীতির ঊর্ধ্বে উঠে শহরের এই সংকট মুহূর্তে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে দুজনের মধ্যে ইতিবাচক আলোচনা হয়।
বিধায়কের ফোন পেয়ে কালবিলম্ব না করে রাতেই পুরসভার আধিকারিক ও কর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান মেয়র গৌতম দেব। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় রাস্তা পরিষ্কার ও সংস্কারের কাজ। উপড়ে পড়া গাছ সরিয়ে আপাতত সেবক রোডের পানিট্যাঙ্কি মোড়ে একমুখী (One-way) যান চলাচল শুরু করা হয়েছে।
আরও পড়ুনঃ ‘মমতার আমলে অনুপ্রবেশ, এখন নিজেরাই ফিরছে’, বাংলার বিজেপির সরকারের প্রশংসায় অমিত শাহর
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও দমকল কর্মীরা। খুব অল্প সময়ের ঝড়ে শহরের এমন বিপর্যস্ত দশা দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুরসভা, পুলিশ ও দমকলের যৌথ প্রচেষ্টায় শহরের জনজীবন দ্রুত স্বাভাবিক করার কাজ জারি রয়েছে।