হোল্ডিং সেন্টারে আটক ৩৮৬ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী, একটা জেলা থেকেই ধরা পড়ল ৩৩৫ জন!
News18 বাংলা | ২৯ মে ২০২৬
: সীমান্তে বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড়। সেই ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পেট্রাপোলের কাছে হোল্ডিং সেন্টার তৈরির ভাবনা করছে প্রশাসন, এমন খবর আগেই পাওয়া গিয়েছিল। উত্তর ২৪ পরগনা জেলার সীমান্তবর্তী এলাকায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির উদ্যোগ ঘিরে জোর চর্চাও শুরু হয়েছিল প্রশাসনিক মহলে।
অনুপ্রবেশকারীদের জন্য ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় তৈরি করা হয়েছে হোল্ডিং সেন্টার। রাজ্য পুলিশের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে মোট ৩৮৬ জনকে বিভিন্ন হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। সবচেয়ে বেশি আটক রয়েছে বসিরহাট জেলায়, সেখানে সংখ্যা ৩৩৫ জন।
বসিরহাটের তেঁতুলিয়া পাথরশাঠি, চারঘাট ফ্লাড সেন্টার ও মিডিয়া সুবাসনগর ফ্লাড সেন্টারে রাখা হয়েছে তাঁদের। মুর্শিদাবাদ পুলিশ জেলায় রয়েছে ১৯ জন আটক ব্যক্তি। দক্ষিণ দিনাজপুরে ৮ জন এবং মালদায় ৯ জনকে রাখা হয়েছে হোল্ডিং সেন্টারে।
বারুইপুর, বারাসত, কোচবিহার, জঙ্গিপুর, কৃষ্ণনগর ও বনগাঁ পুলিশ জেলাতেও রয়েছে আটক একাধিক অনুপ্রবেশকারী। রাজ্য প্রশাসনের তরফে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে এই সমস্ত হোল্ডিং সেন্টারে। ডিটেনশন ও ডিপোর্টেশন প্রক্রিয়া ঘিরে জেলাগুলিকে বিশেষ নির্দেশও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
এর আগে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া বলেছিলেন, “কোনও অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে থাকতে পারবে না। তাদের জেলে ভরা হবে না, কারণ জেলে রাখলে দেশের সাধারণ মানুষের করের টাকায় তাদের খাওয়া-চিকিৎসার দায় নিতে হবে। তাই ধরা পড়লে হোল্ডিং সেন্টারে রাখা হবে এবং পরে বিএসএফের হাতে তুলে দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।”