নিট পরীক্ষার (Neet-UG 2026) প্রশ্নপত্র ফাঁস বিতর্কে প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে । প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল করা হয়েছে ৩ মে-র পরীক্ষা। ২১ জুন নতুন করে নেওয়া হবে নিট ইউজি পরীক্ষা। এ বার নিট পরীক্ষায় নিরাপত্তা জোরদার করতে তৎপর হয়েছে কেন্দ্র। এই জন্য নজিরবিহীন পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র সরকার। ওই পরীক্ষার নিরাপত্তায় কাজে লাগানো হতে পারে সেনাবাহিনীকে। শুধুমাত্র নিরাপত্তার কাজে নয়, NEET-UG-র পুনঃপরীক্ষার প্রশ্নপত্র পরিবহন করার কাজেও সেনাবাহিনী এবং বায়ুসেনার সাহায্য নেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার।
সূত্রের খবর, বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পাশাপাশি এনটিএ ও শিক্ষা মন্ত্রকের শীর্ষ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
জানা গিয়েছে, সেনাবাহিনীর ভূমিকা মূলত প্রশ্নপত্রের নিরাপদ পরিবহণ, লজিস্টিক সমন্বয় এবং দুর্যোগজনিত জরুরি পরিস্থিতি সামলানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর এই প্রস্তাব অনুমোদন পেলে, এই প্রথম কোনও জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহে এবং লজিস্টিক সমন্বয় করার কাজে সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে জড়িত হবে।
এর আগে এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় বিরোধীদের প্রবল সমালোচনার মধ্যে পড়েছে কেন্দ্র। পরীক্ষা বাতিল হওয়ার পরে একাধিক রাজ্যে আত্মহত্যাও করেছেন পরীক্ষার্থীরা। মানসিক হতাশার জেরেই এই চরম পদক্ষেপ করেছেন তাঁরা বলেও দাবি করেছে বিরোধী গুলি। ইতিমধ্যেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত শুরু করেছে CBI। ওই ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থা।
এ বার ওই পরীক্ষায় বসতে চলেছেন প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী। এই পরীক্ষাকে ‘ত্রুটিহীন’ করতে একাধিক মন্ত্রক, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সংস্থাকেও কাজে লাগানো হচ্ছে। এই কাজে বায়ুসেনা এবং সেনাবাহিনীকেও কাজে লাগানো হতে পারে।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে পরীক্ষার্থীর হাতে পৌঁছনো পর্যন্ত গোটা প্রক্রিয়াতেই নজরদারি বাড়ানো হচ্ছে। সূত্রের খবর, প্রশ্নপত্র তৈরি, ছাপানো, পরিবহণ এবং পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার পুরো প্রক্রিয়ার উপর সরাসরি নজর রাখবে প্রধানমন্ত্রীর দপ্তর। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ করতে তৎপর কেন্দ্র। এই জন্য যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে বলেও জানিয়েছেন আধিকারিকরা।