• সরকারের আয় বাড়াতে ফিরছে রাজ্য লটারি, নির্দেশ মুখ্যমন্ত্রীর
    এই সময় | ২৯ মে ২০২৬
  • এই সময়: রাজ্যের আর্থিক স্বাস্থ্য ফেরাতে সরকারি লটারি কি ফেরানো হচ্ছে? আগামী ২২ জুন বিধানসভায় নতুন সরকারের বাজেট পেশের পরেই ফের পশ্চিমবঙ্গ রাজ্য লটারিকে ফিরিয়ে আনার কথা ভাবা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টি নিয়ে অর্থ দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। নবান্ন সূত্রের খবর, যে টিকিট বিক্রি হয়নি সেই টিকিটে যেন লটারি না হয় তা নিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর যুক্তি, বাইরের রাজ্যের সংস্থা 'নো অবজেকশন' সার্টিফিকেট নিয়ে এখানে লটারির ব্যবসা চালাচ্ছে। তাতে রাজ্যের কোষাগারের ক্ষতি হচ্ছে। তা হলে রাজ্য কেন এই ব্যবসা করবে না?

    এর আগে রাজ্য সরকারই সাপ্তাহিক লটারির আয়োজন করত। ২০১৭-১৮ পর্যন্ত রাজ্য সরকারের লটারি ৪৮টি সাপ্তাহিক এবং ছ'টি বাম্পার খেলা চালাত। বঙ্গলক্ষ্মী সুপার ১২টি, বঙ্গভূমি সুপার ১২টি এবং বঙ্গলক্ষ্মী নামে ২৪টি সাপ্তাহিক খেলা হতো। সেই সঙ্গে দীপাবলি, রথযাত্রার মতো উৎসবে এক কোটি টাকার পুরস্কার মূল্যের বাম্পার লটারির আয়োজন করা হতো। সাপ্তাহিক লটারির টিকিটের দাম ছিল ২ এবং ৫ টাকা। বাম্পার সিরিজ়ের টিকিটের দাম ছিল ১০ টাকা। তথ্য বলছে, সাপ্তাহিক লটারি যখন চালু ছিল তখন বছরে ৬৬ কোটি টাকার টিকিট বিক্রি করে নিট রাজস্ব পাওয়া যেত ১৭ কোটি ৮১ লক্ষ টাকা।

    ২০১৮–এর মে থেকে প্রতিদিনই খেলা শুরু হয় রাজ্য লটারির। তাতে ২০১৮-১৯-এ এক হাজার কোটির টাকার বেশি টিকিট বিক্রি করে ২২৩ কোটি টাকা, ২০১৯-২০ অর্থ বর্ষে ৩০০ কোটি টাকা আয়ের পথ তৈরি করেছিল রাজ্য। কিন্তু রাজস্ব সংগ্রহের এত সুযোগ থাকা সত্ত্বেও অজ্ঞাত কারণে ২০২০–র মার্চে পশ্চিমবঙ্গ রাজ্য লটারি বন্ধ করে দেওয়া হয়। পরে 'পশ্চিমবঙ্গ রাজ্য লটারি'–র ব্র্যান্ড বেসরকারি হাতে তুলে দিয়ে আয় তৈরির চেষ্টায় টেন্ডার ডাকা হলেও তাতে সাড়া মেলেনি। ফলে বন্ধ হয়ে যায় রাজ্য লটারি।

  • Link to this news (এই সময়)