মডেল-অভিনেত্রী ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর তদন্তে সিবিআই-এর নয়া হাতিয়ার 'টানেল ভিউ টেকনিক' (Tunnel View Technique)। ত্বিষার মৃত্যুর শেষ মুহূর্তে ঠিক কী কী ঘটেছিল তা জানতে ঘটনার ডিজিটাল পুনর্গঠন (রিকনস্ট্রাকশন) প্রক্রিয়ার নাম টানেল ভিউ টেকনিক।
এই পদ্ধতিতে সিসিটিভি, মোবাইল ফোন কলের রেকর্ড, ওয়াই-ফাই লগ ইন, ইন্টারনেট সংযোগ, স্মার্ট ডিভাইস ডেটা, ফরেনসিক ম্যাপিং-সহ আরও নানা প্রযুক্তির সাহায্য নিয়ে ঘটনার ডিজিটাল পুনর্গঠন করতে চাইছেন কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা। গত ১২ মে ভোপালে শ্বশুরবাড়ি থেকেই মডেল-অভিনেত্রী ত্বিষার দেহ উদ্ধার হয়। অর্থাৎ, ১২ মে ত্বিষার মৃতদেহ উদ্ধারের আগের মুহূর্তের যতটা সম্ভব বিস্তারিত বিবরণ ভার্চুয়াল পুনর্গঠন করে জানতে চাইছে সিবিআই। বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় ত্বিষার মৃত্যুতে পণের জন্য শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ ওঠে।
২৮ মে, বৃহস্পতিবার ত্বিষার শ্বশুরবাড়িতে গিয়েছিল CBI-এর টিম। বাড়ির ডিজিটাল ম্যাপিংও করা হয়। ত্বিষার মৃত্যুতে তাঁর স্বামী সমর্থ সিংকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোপালের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ত্বিষার শাশুড়ি ও অবসরপ্রাপ্ত বিচারক গিরিবালা সিংকে।
ত্বিষার পরিবারের লোকজনের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য তাঁর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন তাঁর স্বামী সমর্থ সিং ও শাশুড়ি গিরিবালা সিং।
এমস (AIIMS) দিল্লির চিকিৎসকদের একটি টিম ত্বিষার মৃতদেহের দ্বিতীয় ময়নাতদন্ত করে। ২৪ মে ভোপালে ত্বিষার শেষকৃত্য হয়।