• হিমন্তকে নোটিস পাঠাল দিল্লির আদালত, মামলা করেছিলেন সমাজকর্মী হর্ষ মন্দার
    এই সময় | ২৯ মে ২০২৬
  • ‘মিঁয়া মুসলিম’ সংক্রান্ত মন্তব্য নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সমাজকর্মী হর্ষ মন্দার। সেই মামলায় হিমন্তকে নোটিস পাঠালেন দিল্লির অতিরিক্ত সেশন জজ সোনু অগ্নিহোত্রী।

    হর্ষের অভিযোগ, চলতি বছরের ২৭ জানুয়ারি অসমের তিনসুকিয়া জেলার ডিগবয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বলেছেন, এসআইআর হলে ‘৪-৫ লক্ষ মিঁয়া ভোটারের’ নাম অসমের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। অভিযোগ অনুযায়ী, হিমন্ত বলেছিলেন, ‘ওরা সমস্যায় পড়লে তবেই অসম ছাড়বে’ এবং ‘ওরা যাতে ভোট দিতে না পারে, সেটা আমরা নিশ্চিত করছি।’

    ২০ এপ্রিল দিল্লির ম্যাজিস্ট্রেট আদালত ভৌগোলিক এক্তিয়ারের বাইরে হওয়ার যুক্তিতে হিমন্তের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিতে অস্বীকার করেছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দায়রা আদালতের দ্বারস্থ হন হর্ষ। তাঁর আইনজীবী স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা জ়িরো এফআইআর এবং ই-এফআইআর সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আদালতের সামনে তুলে ধরে দাবি করেন, হিমন্ত কথাগুলি অসমে বললেও, জ়িরো এফআইআরের নিয়মে হর্ষ তাঁর বিরুদ্ধে দিল্লিতেও এফআইআর দায়ের করতে পারেন। তার ভিত্তিতেই আদালত নোটিস জারি করে ১৫ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

  • Link to this news (এই সময়)