• সিআরপিএফের মতো সরঞ্জাম, দাঙ্গা–হাঙ্গামা রুখতে নতুন রণসজ্জা কলকাতা পুলিশের
    এই সময় | ২৯ মে ২০২৬
  • সুরবেক বিশ্বাস

    নতুন সরকার ঢেলে সাজছে কলকাতা পুলিশের সাজ–সরঞ্জাম। যে সব সরঞ্জাম দাঙ্গা–হাঙ্গামা রুখতে, আইন–শৃঙ্খলা রক্ষায় প্রয়োজন হয়, প্রথমেই ঢেলে সাজা হচ্ছে সে সব। এ ক্ষেত্রে দিল্লি পুলিশ, সিআরপিএফ এবং অন্যান্য কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সরঞ্জাম যে রকম, সে রকম মানের জিনিস এই প্রথম বার পেতে চলেছে কলকাতা পুলিশ।

    পার্ক সার্কাসে জমায়েত থেকে ছোড়া ইট–পাথরের আঘাতে ৮ জন পুলিশকর্মী–অফিসারের জখম হওয়ার পরদিনের ঘটনা। ১৮ মে। লালবাজার সূত্রের খবর, খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে গিয়ে কয়েক জন পুলিশকর্মীর হেলমেটের দিকে তাকিয়ে নির্দেশ দেন— এর চেয়ে ভালো হেলমেট কিনতে হবে। তার পরে মঙ্গলবার, ২৬ মে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম বার কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার পরিদর্শনে গিয়ে শীর্ষ পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রী আবারও জানান, দাঙ্গা–হাঙ্গামা রুখতে বাহিনীর সরঞ্জাম আরও উন্নত মানের হতে হবে, এ সব কিছুতে শ্রেষ্ঠ হতে হবে কলকাতা পুলিশকে এবং দিল্লি পুলিশ, সিআরপিএফ ও অন্যান্য কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর যে সব সামগ্রী রয়েছে, সেগুলোর মতো অতি উচ্চমানের জিনিস কিনতে হবে।

    এর প্রেক্ষিতে বুধবার, ২৭ মে কলকাতার পুলিশ কমিশনারের নামে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় যুগ্ম কমিশনার (মডার্নাইজ়েশন) নীলাঞ্জন বিশ্বাসকে চেয়ারম্যান করে গড়া হয়েছে পাঁচ সদস্যের এক কমিটি। যার সদস্য কলকাতা সশস্ত্র পুলিশ বাহিনীর ষষ্ঠ ব্যাটেলিয়নের ডেপুটি কমিশনার দেবাশিস দাস এবং আরও তিন অফিসার। হেলমেট, লাঠি, ঢাল, বডি প্রোটেক্টর বা বর্ম, প্রাণঘাতী নয় এমন অস্ত্রশস্ত্র, কাঁদানে গ্যাস, রাবার বুৃলেট, ডাই মার্কার এবং জলকামান, বজ্র ও আরও যে সব সরঞ্জাম দিল্লি পুলিশ, সিআরপিএফ এবং অন্যান্য কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ব্যবহার করে, কমিটির সদস্যরা সেগুলো পরীক্ষা করে দেখবেন। তার পরে কলকাতা পুলিশের কাছে থাকা সেই সব সরঞ্জামের গুণমান ও অবস্থা কেমন, সামগ্রী ধরে ধরে তার সবিস্তার তুলনামূলক রিপোর্ট ওই কমিটি ১৫ দিনের মধ্যে জমা দেবে। ওই রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করবে লালবাজার। নতুন সব সরঞ্জাম কিনতে ই–টেন্ডার হবে। কলকাতা পুলিশ সূত্রের খবর, রাজ্য সরকারের শীর্ষ স্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, উন্নত সরঞ্জাম কিনতে কোনও রকম কার্পণ্য করা হবে না।

    লালবাজারের এক শীর্ষকর্তার ব্যাখ্যা, ‘দাঙ্গা–হাঙ্গামা রোখার যে সব সরঞ্জাম আমাদের হাতে রয়েছে, সেগুলোর মান খারাপ নয়। তবে দিল্লি পুলিশ, সিআরপিএফ এবং অন্যান্য কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী যে রকম জিনিস ব্যবহার করে, এ বার আমরা সেই মানের, সেরা সব সরঞ্জাম পাব। বিশেষ করে, হেলমেট, ঢাল, বডি প্রোটেক্টর, টিয়ার গ্যাস আরও উন্নত মানের হওয়ার প্রয়োজন রয়েছে।’

  • Link to this news (এই সময়)