• Breaking News Live: প্রয়াত পরিচালক অনীক দত্তের মরদেহ আনা হলো নন্দনে
    এই সময় | ২৯ মে ২০২৬
  • নন্দন প্রেক্ষাগৃহের সামনে আনা হলো প্রয়াত পরিচালক অনীক দত্তের দেহ। সেখানে সাধারণ মানুষ, পরিচালকের সতীর্থ ও সহকর্মীরা শ্রদ্ধা জানাবেন। উপস্থিত রয়েছেন রুদ্রনীল ঘোষ, বিদীপ্তা চক্রবর্তী, অঞ্জন দত্ত, অঞ্জনা বসু-সহ টলিপাড়ার একাধিক কলাকুশলীরা। আজ, শুক্রবার বিকেলেই হবে তাঁর শেষকৃত্য।

    গভীর রাতে মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদকের উপর নৃশংস হামলার অভিযোগ। বেধড়ক মারধর করে ফাটিয়ে দেওয়া হলো মাথা। অভিযোগের তির তৃণমূলের দুষ্কৃতীদের দিকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হরিশ্চন্দ্রপুরে। পলাতক অভিযুক্তরা।

    প্রয়াত বিশিষ্ট সারিন্দা বাদক পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিল্পী মঙ্গলাকান্ত রায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৪ বছর। বৃহস্পতিবার গভীর রাতে তার মৃত্যু হয়। কয়েকমাস ধরেই ক্যান্সারের মতো জটিল রোগে ভুগছিলেন তিনি। মাঝে কিছুদিন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি ছিলেন। তবে একশো ছুঁইছুঁই প্রবীণ শিল্পী বৃহস্পতিবার রাতেই নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    ভোর রাতের প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশের হামিরপুর। ঝড়ের দাপটে বেতোয়া নদীর উপর নির্মীয়মাণ সেতু ভেঙে ছয় জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। পুলিশ জানিয়েছে, সেতুর ধ্বংসাবশেষের তলায় চাপা পড়ে আরও অনেকের মৃত্যুর আশঙ্কা রয়েছে। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোর তিনটে নাগাদ ঝড় শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই লালপুরা থানা এলাকার মোরাকান্দার পারসানিতে নির্মীয়মাণ ওই সেতুর একাধিক পিলার ধসে যায়। ঝড় হ্যারিকেনের চেহারা নেয়। খবর পাওয়ার আধ ঘণ্টার মধ্য়ে পুলিশ ও প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পৌঁছন। কিন্তু ততক্ষণে ছয় শ্রমিক মারা যান।

    বৃহস্পতিবার রাতে কেপ ক্যানাভেরালে দুর্ঘটনা। পরীক্ষামূলক উৎক্ষেপণের সময়ে নাটকীয়ভাবে বিস্ফোরণ ঘটে জেফ বেজোস-এর সংস্থা ‘ব্লু অরিজিন’-এর নিউ গ্লেন রকেটে। এর ফলে সংস্থার মহাকাশ গবেষণায় বড় বাধা পড়ল বলেই মনে করা হচ্ছে। ঘটনায় প্রাণহানির কোনও তথ্য মেলেনি। তবে জেফ বেজোস টুইটে লিখেছেন, ‘সব কর্মী নিরাপদে আছেন। তবে এখনও বিস্ফোরণের মূল কারণ জানা যায়নি। আমরা ইতিমধ্যেই তা খুঁজে বের করার কাজ শুরু করেছি।’

    শুক্রবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়বৃষ্টির দাপট থাকবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। এখানে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিকেলের পর কলকাতাতেও ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টির সতর্কতা রয়েছে।

  • Link to this news (এই সময়)