আজকাল ওয়েবডেস্ক: অবসান হল এক সোনালী যুগের। আর শোনা যাবে না সারিন্দা বাদ্যযন্ত্রের সুরে পশুপাখির ডাক। সারিন্দার জাদুকর, পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায় ১০৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়ি গ্রামে, নিজের বাসভবনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই প্রয়াণে উত্তরবঙ্গের সাংস্কৃতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, গত এক মাস ধরে বার্ধক্যজনিত কারণে তিনি গুরুতর অসুস্থ ছিলেন। হাসপাতালে ভর্তির পর তাঁর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠিত হয়। চিকিৎসকেরা জানান, তাঁর গলায় একটি টিউমার হয়েছিল। কিছুটা সুস্থ বোধ করায় তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। তবে গত এক সপ্তাহ ধরে তিনি সম্পূর্ণ অনাহারে ছিলেন।
বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টা নাগাদ পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, পুত্রবধূ এবং নাতি-নাতনিদের রেখে গিয়েছেন। তাঁর প্রয়াণে লোকসঙ্গীত ও লোকশিল্পের এক অপূরণীয় ক্ষতি হল। তবে আশ্চর্যজনক হলেও এটাই বাস্তব যে, শয্যাশায়ী অবস্থায় তাঁকে দেখতে মানুষের ভিড় না থাকলেও শুক্রবার সকাল থেকেই তাঁর বাড়িতে যেন চাঁদের হাট বসে গিয়েছে।