হারের পর প্রথম রাস্তায় নামছেন অভিষেক, শনিবার কী কর্মসূচি?
আজ তক | ২৯ মে ২০২৬
বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকে সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এক্স পোস্টে ভিডিও বার্তা এবং নেত্রীর বাসভবনের বৈঠক ছাড়া তেমন কোনও রাজনৈতিক কর্মসূচিও করেননি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অবশেষে শুরু হচ্ছে তাঁর কর্মসূচি। ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্ত হয়েছেন বলে যে দলীয় কর্মীরা অভিযোগ তুলেছেন, তাঁদের সঙ্গে এবার দেখা করবেন অভিষেক।
জানা গিয়েছে, শনিবার থেকে পথে বেরোচ্ছেন অভিষেক। যাবেন সোনারপুর দক্ষিণ এবং বেলেঘাটা বিধানসভা এলাকায়। সোনারপুর দক্ষিণে তৃণমূলকর্মী সঞ্জু কর্মকার এবং বেলেঘাটার আর এক কর্মী বিশ্বজিৎ পট্টনায়কের সঙ্গে দেখা করবেন তিনি।
বিধানসভা নির্বাচনে তৃণমূলের শোচনীয় পরাজয়ের পর থেকে খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি ছিলেন সক্রিয়। NEET-এর প্রশ্ন ফাঁস কিংবা CBSE-র পরীক্ষায় অনিয়ম নিয়ে সম্প্রতি সরব হয়েছেন তিনি।
রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তার মধ্যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নামছেন না, তা নিয়ে দলের অন্দরেও প্রশ্ন উঠছিল। খোদ বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষও প্রশ্ন তুলেছিলেন। এবার সেই বেলেঘাটাতেই যাবেন অভিষেক। প্রসঙ্গত, নিরাপত্তায় কোপ পড়েছে তাঁর। এরপর শনিবারই প্রথম কালীঘাট এলাকার বাইরে পা রাখছেন অভিষেক। ভোটের পর প্রথম কর্মসূচি থেকে তিনি কী বার্তা দেন, এখন সে দিকেই নজর রাজনৈতিক মহলের।
তৃণমূলের অনেক নেতা এবং জনপ্রতিনিধি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের পরামর্শদাতা সংস্থা I PAC-এর উপর দোষ চাপিয়েছেন। দলে নিত্যদিনই কেউ না কেউ বেসুরো হচ্ছেন। এবার সেই সমস্ত বেসুরোদের নিয়ে অভিষেক কোনও বার্তা দেন কি না, সেটাই দেখার।