শুক্রের সকালে ফের রাজ্যে সক্রিয় CID। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে বৃহস্পতিবার রাতের পরে এ দিন সকালেও যান তদন্তকারী আধিকারিকদের একটি দল। বোলপুরের জোড়াফুল বিধায়কের বাড়িতে ঘন ঘন CID-র হানা নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা।
সূত্রের খবর, বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন প্রক্রিয়ায় জমা পড়া বিধায়কদের স্বাক্ষর নিয়ে সন্দেহের অবসান ঘটাতে এবং সত্যতা যাচাইয়ের লক্ষ্যেই চন্দ্রনাথ সিনহার বাড়িতে গিয়েছেন তদন্তকারীরা। বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে জমা পড়া চিঠিতে বিভিন্ন বিধায়কের স্বাক্ষর নিয়ে তদন্ত শুরু করেছে CID। ওই স্বাক্ষরগুলি আসল না জাল, তা যাচাই করতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
এ দিন CID-র আধিকারিকরা চন্দ্রনাথ সিনহার সঙ্গে কথা বলেন এবং তাঁর স্বাক্ষরের নমুনা সংগ্রহ করেন। বেশ কিছু নথিও খতিয়ে দেখা হয়েছে বলে খবর। যদিও এই বিষয়ে CID বা বিধায়কের তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, বিধায়কের স্বাক্ষর যাচাই করতে শুধু চন্দ্রনাথ সিনহা নন, বৃহস্পতিবার চৌরঙ্গির তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও গিয়েছিলেন CID-র গোয়েন্দারা। বৃহস্পতিবার দুপুরে একজন ‘হ্যান্ড রাইটিং এক্সপার্ট’–ও ছিলেন তদন্তকারীদের দলে। বিধানসভায় শপথের সময়ে এবং হাজিরা খাতায় নয়নার ‘সই’–এ অসঙ্গতি রয়েছে বলে বিধানসভার সচিবালয় থেকে হেয়ার স্ট্রিট থানায় নালিশ জানানো হয়েছিল। সেই বিষয়ে নথিপত্র যাচাই করতেই বৃহস্পতিবার দু’বার বিধায়কের বাড়িতে যান গোয়েন্দারা। বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত তদন্তে সিআইডির এই তৎপরতা নতুন করে রাজনৈতিক জল্পনা বাড়িয়েছে।