দিল্লিতে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের টিম, হল সচিব পর্যায়ের বৈঠক
বর্তমান | ২৯ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যের বিজেপি সরকারের অন্যতম অগ্রাধিকার গ্রাম বাংলার উন্নয়ন। গেরুয়া শিবিরের অভিযোগ, ১৫ বছরের শাসনকালে বাংলার গ্রামাঞ্চলের মানুষের স্বার্থে বিশেষ কোনো পদক্ষেপ করেনি পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার। পরিবর্তে হয়েছে একাধিক দুর্নীতি। রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেই তাই এব্যাপারে বিশেষ উদ্যোগ নিতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। বাংলায় বিজেপির সরকার গঠনের মাত্র ১৮ দিনের মাথায় দিল্লিতে আসে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বুধবার ওই প্রতিনিধি দলের সদস্যরা সংশ্লিষ্ট মন্ত্রকগুলিতে গুরুত্বপূর্ণ সচিব পর্যায়ের বৈঠক করেছেন। সরকারের শীর্ষ সূত্রে এখবর জানানো হয়েছে।
যদিও বৈঠকের ব্যাপারে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। তবে সরকারি সূত্রেই জানা গিয়েছে, ১০০ দিনের কাজ থেকে গ্রামোন্নয়ন কিংবা পঞ্চায়েত এলাকার উন্নতির মতো একাধিক কর্মসূচি। অথবা গ্রাম সড়ক নির্মাণের মতো প্রয়োজনীয় কাজ। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কোন কোন ক্ষেত্রের ভবিষ্যৎ উজ্জ্বল এবং কোনগুলিতে আরও জোর দেওয়া জরুরি - এদিন প্রাথমিকভাবে মূলত তারই আঁচ নিয়ে গিয়েছেন রাজ্যের ওই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা। সরকারি সূত্রেই ব্যাখ্যা করা হয়েছে, রাজ্যে নতুন সরকার গঠনের পর কাজের গতিপ্রকৃতির ধারাই আমূল পাল্টে যেতে চলেছে। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ক্ষেত্রে কর্মসংস্কৃতির অভিমুখ আগে স্থির করা জরুরি। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘আমার দপ্তরের আধিকারিকরা দিল্লিতে গিয়েছিলেন। কেন্দ্রের সঙ্গে বৈঠক হয়েছে। তাঁরা কলকাতায় ফিরলে আধিকারিকদের সঙ্গে আমি বিস্তারিত আলোচনা করব।’