• উত্তরপ্রদেশে আচমকাই ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু! মৃত ৬
    বর্তমান | ২৯ মে ২০২৬
  • লখনউ, ২৯ মে: উত্তরপ্রদেশে শুক্রবার ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা। প্রবল ঝড়বৃষ্টির মধ্যে আচমকাই ভেঙে পড়ল বেতওয়া নদীর উপর নির্মীয়মাণ একটি সেতুর বড় অংশ। তারই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হল অন্তত ছয় জন শ্রমিকের। এখনও বহু শ্রমিক নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 

    স্থানীয় সূত্রে খবর, রাত প্রায় ২টো নাগাদ ঝড়ের তীব্রতা বাড়তেই সেতুর একাংশ কাঁপতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেতুর প্রায় এক কিলোমিটার অংশ ভেঙে নদীতে তলিয়ে যায়। সেই সময় সেতুর উপর ও নীচে একাধিক শ্রমিক কাজ করছিলেন। মুহূর্তের মধ্যে ধসে পড়া কাঠামোর নীচে আটকে পড়েন তাঁরা। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক দল। এখনও যুদ্ধকালীন তত্পরতার সঙ্গে চলছে উদ্ধারকার্য। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার অভিযানে হাত লাগিয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফে মৃতদের পরিচয় শনাক্ত করার কাজ শুরু হয়েছে। নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের আশ্বাসও দেওয়া হয়েছে। একইসঙ্গে পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, প্রবল ঝড়বৃষ্টি এবং নির্মাণকাজে নিরাপত্তা সংক্রান্ত গাফিলতির জেরেই এই বিপর্যয় ঘটতে পারে। সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল কি না বা কোনও প্রযুক্তিগত ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ, নির্মাণকাজে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা বিধি মানা হচ্ছিল না। বিরোধী রাজনৈতিক দলগুলিও ঘটনার নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি তুলেছে।
  • Link to this news (বর্তমান)