যে পথ নিয়ে বিবাদ, সেই পথেই ফিরল নিথর দেহ! বড়ঞায় বৃদ্ধা খুনে গ্রেফতার ২, এলাকায় উত্তেজনা
News18 বাংলা | ২৯ মে ২০২৬
: যে রাস্তা নিয়ে বিবাদ সেই রাস্তা দিয়ে ফিরল নিথর বৃদ্ধার মৃতদেহ। বাড়ির রাস্তা নিয়ে বিবাদের জেরে খুন এক বৃদ্ধার। এই ঘটনা মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার একুম্বা গ্রামে। পুলিশ জানিয়েছেন বছর ৬১-র মৃতের নাম মাধবী বাগদি। মৃতদেহ ময়নাতদন্তের পর দেহ গ্রামে ফিরতেই শোকের ছায়া গোটা এলাকায়।
জানা গিয়েছে, মৃত মাধবী বাগদির পরিবার দীর্ঘদিন ধরেই বিজেপি সমর্থক। অভিযোগ, বাড়ি থেকে বেরোনোর রাস্তা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিনের বিবাদের জেরে মঙ্গলবার সকালে তাদের উপর হামলা চালানো হয়। সেই ঘটনায় গুরুতর আহত হন মাধবী বাগদি। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতার পরিবারের দাবি, এটি শুধুমাত্র রাস্তার বিবাদ নয়, এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রও রয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়।
মৃতার বাড়িতে পৌঁছে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক সুখেন কুমার বাগদি। অন্যদিকে, ঘটনার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই চারজনকে আটক করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দেহ ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে। আর যে রাস্তা নিয়ে বিবাদ সৃষ্টি হয় সেই পথ দিয়েই দেহ ফিরতেই গ্রামে নেমে আসে কান্নার রোল। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন মৃতের পরিবারের সদস্যরা।
পুলিশ জানিয়েছে এই ঘটনায় মোট চারজনকে আটক করে পুলিশ। তার মধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দু’জনকে শুক্রবার দুপুরে কান্দি মহকুমা আদালতে তোলা হয়।